Bengal In Santosh Trophy: সন্তোষ ট্রফির চূড়ান্ত পর্বের জন্য বাংলা দল ঘোষিত, কবে খেলা কাদের বিরুদ্ধে?
Bengal In Santosh Trophy: সন্তোষ ট্রফির ৭৮তম সংস্করণের চূড়ান্ত পর্বের খেলা হবে তেলঙ্গানার হায়দরাবাদে। কালই বাংলা দল রওনা হচ্ছে।
আজ আইএফএ-র তরফে জানানো হলো ২২ সদস্যের বাংলা দল ঘোষণার কথা। বাংলার প্রথম ম্যাচ ১৪ ডিসেম্বর।

সন্তোষ ট্রফিতে বাংলা চ্যাম্পিয়ন হয়েছে রেকর্ড ৩২ বার। রানার-আপ হয়েছে ১৪ বার। সবচেয়ে বেশিবার খেতাব জেতার নিরিখে বাংলার পর দ্বিতীয় স্থানে রয়েছে পাঞ্জাব। পাঞ্জাব ৮ বার চ্যাম্পিয়ন ও ৮ বার রানার-আপ হয়েছে।
যদিও ২০১৬-১৭ মরশুমের পর আর সন্তোষ ট্রফি জিততে পারেনি বাংলা। সেবার গোয়াকে ১-০ গোলে হারিয়ে বাংলা ৩২ বারের জন্য সন্তোষ ট্রফি খেতাব ঘরে তুলেছিল। ২০২১-২২ মরশুমে মঞ্জেরিতে ফাইনালে কেরলের বিরুদ্ধে ১-১ ড্র রাখার পর টাইব্রেকারে ৪-৫ ব্যবধানে হেরে যায় বাংলা।
বিগত পাঁচটি সংস্করণে সার্ভিসেস দুবার চ্যাম্পিয়ন হয়েছে। এবার তারা নামবে খেতাব ধরে রাখার লড়াইয়ে। এ ছাড়া কেরল ২ বার ও কর্ণাটক একবার চ্যাম্পিয়ন হয়েছে। বাংলা চাইবে ব্যর্থতার ধারা কাটিয়ে সাফল্যের সরণিতে ফিরতে। প্রাথমিক পর্বে প্রশংসনীয় ফুটবলই উপহার দিয়েছে বাংলা।
বাংলা শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে খেলবে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে। ১৬ ডিসেম্বর বেলা আড়াইটে থেকে বাংলার প্রতিপক্ষ তেলঙ্গানা। ১৮ ডিসেম্বর বেলা আড়াইটে থেকেই রাজস্থানের বিরুদ্ধে বাংলার ম্যাচ। ২১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বাংলা-মণিপুর দ্বৈরথ। ২৩ ডিসেম্বর সাড়ে সাতটা থেকেই সার্ভিসেসের মুখোমুখি হবে বাংলা।
প্রাথমিক পর্যায়ে বাংলা ছিল গ্রুপ সি-তে। ৩ ম্যাচে ২টি জয় ও একটি ড্রয়ের সৌজন্যে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। প্রস্তুতি ম্যাচেও সাফল্য পেয়েছে বাংলা দল। ফলে আত্মবিশ্বাস সম্বল করেই এবার খেতাব জয়ের চূড়ান্ত অভিযানে নামবে।
ঘোষিত বাংলা দল: গোলকিপার- সৌরভ সামন্ত, শুভম রায়, আদিত্য পাত্র। ডিফেন্ডার- জুয়েল আহমেদ মজুমদার, অয়ন মণ্ডল, মদন মাণ্ডি, রবিলাল মাণ্ডি, বিক্রম প্রধান, রাহুল কুদ্দুস পুরকায়েত।
মিডফিল্ডার- বিশাল দাস, চাকু মাণ্ডি, আদিত্য থাপা, সুপ্রদীপ হাজরা, বাসুদেব মাণ্ডি, ইসরাফিল দেওয়ান, আবু সুফিয়ান শেখ, অমরনাথ বাস্কে, সুপ্রিয় পণ্ডিত। ফরওয়ার্ড- রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠা, মনোতোষ মাজি, অরিত্র ঘোষ।












Click it and Unblock the Notifications