Santosh Trophy 2023: সন্তোষে লজ্জার দিনে রোনাল্ডিনহোর সঙ্গে হাসি মুখে আইএফএ কর্তারা, কী যুক্তি দিলেন সচিব?
সন্তোষ ট্রফিতে লজ্জার ফলাফল বাংলার। সোমবার পাঞ্জাবের কাছে ৩ গোলে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সন্তোষ ট্রফির প্রাথমিক পর্ব থেকে ছিটকে গেল বঙ্গ ব্রিগেড। একটা সময় সন্তোষ ট্রফি আর বাংলা প্রায় সমার্থক হয়ে গিয়েছিল। দেশের মধ্যে সবথেকে বেশি বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও আছে বঙ্গের। কিন্তু সেই বাংলাই এবার নক আউটের টিকিট পর্যন্ত পেল না।
পাঞ্জাবে একদিকে যখন একরাশ লজ্জা নিয়ে মাঠ ছাড়ছেন বাংলার ফুটবলাররা, তখন আইএফএ কর্তারা ব্যস্ত রোনাল্ডিনহোর অনুষ্ঠানে। সোমবার রাতে নিউটাউনের একটি হোটেলে কর্তাদের দেখা গেল ব্রাজিলিয়ান তারকার সঙ্গে হাসি মুখে ছবি তুলতে। বছরের পর বছর সন্তোষ থেকে শূণ্য হাতেই ফিরতে হচ্ছে বাংলাকে। পরিকল্পনা, দল বাছাই, সরকারি সহযোগিতা সবই আছে। কিন্তু রেজাল্টে লেখা থাকছে শুধুই ব্যর্থতা।

দলের এই শোচনীয়, ভয়াবহ ব্যর্থতার দিনে কর্তাদের কর্মকাণ্ড আরও অবাক করার মতোই। রোনাল্ডিনহোর জমকালো অনুষ্ঠানে গা ভাসালেন আইএফএ কর্তারা। টিম অনির্বাণের সদস্যরা হাসি মুখেই ছবি তুললেন ব্রাজিলিয়ান তারকার সঙ্গে।
এই প্রসঙ্গে আইএফএ সচিব অনির্বাণ দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাঁর মতোই করে সাফাই দিলেন। আইএফএ সচিবের যুক্তি, 'এই ইভেন্টটা অনেকদিন আগেই চূড়ান্ত করা ছিল। এই অনুষ্ঠানে আমরা স্পনসরদের কাছেও দায়বদ্ধ ছিলাম। সন্তোষে দলের ফলাফলের জন্য আমরা অনুষ্ঠানে অংশ না নিলে তাতে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল।'

সন্তোষে ব্যর্থতার প্রসঙ্গে আইএফএ সচিব বলেন, 'দল ফিরলে কোচ, ম্যানেজার সহ সবার সঙ্গে বসে কথা বলতে হবে, এই ফলাফলের কারণ জানতে চাওয়া হবে।'













Click it and Unblock the Notifications