IND vs AFG: আফগানিস্তান ম্যাচের আগে বড় ধাক্কা ভারতীয় দলে, প্রতিপক্ষের ‘চেনা কোচ’ চিন্তা বাড়াচ্ছে স্টিমাচের
বৃহস্পতিবার রাতে মার্চ ফিফা বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। তার আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের জন্য এই ম্যাচ থেকে ছিটকে গেলেন সাহাল আব্দুল সামাদ। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচ থেকে ছিটকে যাওয়ার পাশাপাশি দ্বিতীয় পর্বের ম্যাচে(২৬ মার্চ) তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
চোটের কারণে এর আগে এএফসি এশিয়ান কাপ বেশিরভাগ ম্যাচেই খেলতে পারেননি সাহাল। ক্লাব দলের হয়ে সাম্প্রতিক ভালো পারফরম্যান্সের কারণে স্টিমাচের রণকৌশলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ ছিলেন তিনি। তাঁর ছিটকে যাওয়া ভারতীয় দলের জন্য বড় ক্ষতি। পাশাপাশি সাহালের চোট চিন্তায় ফেলল মোহনবাগান এসজি শিবিরকেও।

সাহালের যে দক্ষতা রয়েছে তা তাঁকে সেন্ট্রাল মিডফিল্ডারের ভূমিকায় জায়গা করে দিত আফগানিস্তান ম্যাচে। তার আক্রমণাত্মক গুণাবলী, বলের রান, তীক্ষ্ণ ড্রিবল এবং প্রতিপক্ষের ডিফেন্স চিড়ে মসৃণ পাস দেওয়ার ক্ষমতা রয়েছে। তিনি মোহনবাগান এসজি দলে আইএসএল-এর একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিলেন। ফলে সাহালের চোট গুরুতর হলে সমস্যায় পড়বেন হাবাসও।
অন্যদিকে, আফগানিস্তানের বিরুদ্ধে পুরো তিন পয়েন্টের লক্ষ্য নিয়েই মাঠে নামছে ভারতীয় দল। স্টিমাচের প্রতিপক্ষ এবং আফগানিস্তানের প্রধান কোচ অ্যাশলে ওয়েস্টউড ভারতীয় ফুটবলকে খুব ভালোভাবে জানেন, তিনি বেঙ্গালুরু এফসি, এটিকে এবং রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসিকে কোচিং করিয়েছেন। বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হওয়ার ঠিক আগে তিনি ২০২৩ সালের নভেম্বরে আফগানিস্তান জাতীয় দলের দায়িত্ব নেন।
প্রতিপক্ষ কোচ সম্পর্কে স্টিমাচ বলেন,"অ্যাশলে আমাদের বেশিরভাগ ছেলেকে ভালো করে চেনেন এবং এশিয়ান কাপের পর থেকেই তার দলকে আমাদের বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুত করছেন,"
একইসঙ্গে স্টিমাচ বলেন, "কয়েক মাস আগে তারা তাদের গেম প্ল্যানে কাজ করার জন্য আভাতে একটি ক্যাম্প করেছিল এবং এখানে একটি স্থানীয় দলের সাথে একটি বন্ধুত্বপূর্ণ খেলা খেলেছিল। তবে আমরা নিশ্চিত যে তারা তাদের উদ্বোধনী ম্যাচে যা দেখেছি তার চেয়ে অনেক ভালো দল হবে। আমাদের লক্ষ্য পুরো পয়েন্ট ঘরে তোলা।"
সুনীল সম্প্রতি বলেছেন, 'আগের বার যা দেখেছিলাম তার থেকে অনেক উন্নতি করেছে আফগানিস্তান দল। ধীরে ধীরে ওরা এগিয়ে গিয়েছে। আমরা একই অঞ্চলের বলে দু'দেশের খেলা নিয়ে একটা টান টান লড়াই আছে। ভারত এবং আফগানিস্তান দুই দেশই গত দশকে উন্নতি করেছে। আফগানিস্তানের অনেক ফুটবলার বিদেশে খেলে। এটাও মাথায় রাখতে হবে আমাদের।'
এখনও পর্যন্ত দুই দল ১০ বার মুখোমুখি হয়েছে। ভারত জিতেছে ৫ বার, আফগানিস্তান ১ বার, ড্র হয়েছে চার ম্যাচ। প্রথমবার ভারতের সামনে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ এসেছে।আপাতত আফগানিস্তানের বিরুদ্ধে অ্যাওয়ে ও হোম ম্যাচ খেলবে ভারত। বর্তমানে গ্রুপ এতে তৃতীয় স্থানে আছে ভারত। ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে কাতার।












Click it and Unblock the Notifications