India Beat Pakistan: ফুটবলেও চূর্ণ পাকিস্তান, অষ্টমবারের জন্য সাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়ন ভারত
India Beat Pakistan: এশিয়ান গেমসের হকিতে আজই ভারত ১০-২ গোলে হারিয়েছে পাকিস্তানের হকি দলকে। পাকিস্তানের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দারুণভাবে প্রত্যাবর্তন করে স্কোয়াশে সোনা জিতেছে ভারতের পুরুষ দল।
এদিন ফুটবলেও পাকিস্তানকে চূর্ণ করল ভারত। কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব ১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে। অষ্টমবারের জন্য ভারত এই খেতাব জিতল পাকিস্তানকে ৩-০ গোলে চূর্ণ করে।

প্রথমার্ধে খেলার ফল ছিল গোলশূন্য। কিন্তু দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তোলে ভারত। যার সৌজন্যে এসে যায় তিনটি গোল। ৬৪ মিনিটে প্রথম গোলটি করেন মাংলেনথাং কিপজেন। ৮৫ মিনিটে ফের তিনিই গোল করে ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের শেষ লগ্নে গোল করে পাকিস্তানের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন গগমসার গয়ারি।
কিপজেন আজকের ম্য়াচে নেমেছিলেন পরিবর্ত হিসেবে। জোড়া গোল করে তিনিই হয়ে গেলেন নায়ক। নেপালের বিরুদ্ধে সেমিফাইনালে তাঁর পেনাল্টি থেকে করা গোলই ভারতকে পৌঁছে দিয়েছিল ফাইনালে। এদিন তিনি দারুণভাবে নিজেকে মেলে ধরলেন ফাইনালের মতো বড় মঞ্চে।

টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল ফুটবলারের পুরস্কারটি পেয়েছেন কিপজেন। আজ ভারতের তৃতীয় গোলটির ক্ষেত্রেও অবদান রাখেন তিনি। এই টুর্নামেন্টে ভারতীয় দলে থাকা সিংহভাগ প্লেয়ারই আন্তর্জাতিক আসরে খেলার সুযোগ পেয়েছিলেন। সেখানে চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিতভাবেই উল্লেখযোগ্য। ভাগ্য সুপ্রসন্ন থাকলে আজ জয়ের ব্যবধান আরও বাড়তেও পারতো।
ম্যাচের শেষ কয়েক মিনিট পাকিস্তানকে ১০ জনে খেলতে হয়। শুরু থেকেই তারা ফিজিক্যাল ফুটবল খেলছিল। আলি জাফর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। গগমসার গয়ারি-সহ তিন ফুটবলার তিনটি করে গোল করেছেন এবারের টুর্নামেন্টে। সেরা গোলকিপারের পুরস্কার পেলেন ভারতের লিওনেল ড্যারিল রিমেই।
(ছবি- এআইএফএফ মিডিয়া/পিটিআই)












Click it and Unblock the Notifications