বুধবার সাফ চ্যাম্পিয়নশিপের বোধন। কান্তিরাভা স্টেডিয়ামে ভারত পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে সাফ কাপ। অথচ ম্যাচের ২৪ ঘণ্টা আগেও ভারতে পৌঁছাতে পারল না পাকিস্তান দল। ম্যাচের আগের দিন বেঙ্গালুরুতে দল দলের কোচ অধিনায়করা উপস্থিত থাকলেও একমাত্র ব্যাতিক্রম পাকিস্তান। এই প্রতিবেদনটি লেখার সময়ও পাকিস্তান দল ভারতে পৌঁছাতে পারেনি।
কর্ণাটক রাজ্য ফুটবল সংস্থার এক কর্তা জানিয়েছেন, "পাকিস্তান দল মঙ্গলবার গভীর রাতে শহরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে এবং বুধবার ম্যাচটি সময়সূচী অনুযায়ী হবে। এআইএফএফ সব সময়ই পরিস্থিতির দিকে নজর রেখেছে এবং আমরা আত্মবিশ্বাসী যে এই ম্যাচের জন্য আলাদা কোনো সূচি করতে হবে না।"
ছবি সৌজন্য পিটিআই
দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে ভারতে আসার ভিসা পেয়ে গিয়েছে পাকিস্তান ফুটবল দল। উল্লেখ্য, গত রবিবার বেঙ্গালুরুতে নামার কথা ছিল পাকিস্তান ফুটবল দলের। এই বিষয়ে পাকিস্তান সরকারও ছাড়পত্র দিয়ে দিয়েছিল দলকে। কিন্তু ফুটবলারদের ভিসা সমস্যা না মেটায় ভারত সফর পিছিয়ে যায় গোটা দলের। অবশেষে ভিসা সমস্যা মিটে যাওয়ায় এবার ভারতে আসতে চলেছে পাক ফুটবল দল।
পাক দলকে নিয়ে জটিলতা যতই থাক ভারতীয় দলের কিন্তু প্রস্তুতিতে খামতি নেই। মঙ্গলবার ম্যাচের আগের দিন পুরোদমেই পাক বধের মহড়া সেরে নিল ঈগর স্টিমাচের দল। খাতায় কলমে প্রতিপক্ষ শিবির পিছিয়ে থাকলেও তাদের হালকাভাবে নিতে নারাজ ব্লু ব্রিগেডের সদস্যরা। ফিফা ক্রমতালিকায় তাদের স্থান ১৯৫ নম্বরে।
ছবি সৌজন্য পিটিআই
ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের কোচ স্টিমাচ বলেন, 'ভারত-পাকিস্তান ম্যাচ সব সময় আলাদা। ফিফা ক্রমতালিকা কারা কোথায় রয়েছে, সেটি না দেখাই ভাল। বড় টুর্নামেন্টে সব দলই প্রস্তুতি নিয়ে আসে। সেক্ষেত্রে জোরদার লড়াই হবে।' একইসঙ্গে তিনি উ্ল্লেখ করেছেন, 'টুর্নামেন্টে চমক হয়ে দেখা দিতে পারে পাকিস্তান। ওদের দল খুবই ভালো। সম্প্রতি ওরা কেমন পারফর্ম করেছে সেটা নিয়ে না ভাবাই শ্রেয়।'
ছবি সৌজন্য পিটিআই
সাফ ফুটবলের গ্রুপ 'এ'-তে ভারতের সঙ্গে পাকিস্তান ছাড়াও রয়েছে নেপাল এবং কুয়েত। ২০২১ সালে শেষ সাফ ফুটবলেও চ্যাম্পিয়ন হয়েছিলেন সুনীলরা। আট বারের চ্যাম্পিয়ন ভারতের কাছে এ বার তাই খেতাব ধরে রাখার লড়াই। লেবাননের মতো দলকে ফাইনালে হারিয়ে কন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় দলের মেজাজ যে ফুরফুরে, স্বীকার করে নিলেন সুনীলদের কোচ।
এশিয়া কাপের আগে সাফ কাপ কিন্তু কঠিন পরীক্ষা সুনীলদের জন্য।