আফ্রিকা কাপ অব নেশনসে চমক! ৪টি পেনাল্টি বাঁচিয়ে দক্ষিণ আফ্রিকাকে সেমিতে পৌঁছে দিলেন উইলিয়ামস
Africa Cup Of Nations: আফ্রিকা কাপ অব নেশনসের কোয়ার্টার ফাইনাল সাক্ষী থাকল জমজমাট ম্যাচের। দুর্ভেদ্য রনোয়েন উইলিয়ামস চার-চারটি পেনাল্টি বাঁচিয়ে দক্ষিণ আফ্রিকাকে পৌঁছে দিলেন সেমিফাইনালে।
ইয়ামৌসুকরোতে কেপ ভার্দের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ম্যাচটি নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে গোলশূন্য ছিল। তার বড় কৃতিত্ব উইলিয়ামসের। এই নিয়ে বাফানা বাফানা গোলকিপার টানা চারটি ম্যাচে কোনও গোল হজম করেননি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচটিতে কেপ ভার্দে আধিপত্য নিয়ে খেলছিল। বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল। দ্বিতীয়ার্ধের শেষ লগ্নে দক্ষিণ আফ্রিকার গোলকিপার রনোয়েন একটি দারুণ সেভ করেন। যে কারণে তিনি চলতি টুর্নামেন্টে ক্লিন শিটের ধারাবাহিকতা বজায় রাখতে পারলেন।
প্রথমার্ধে অবশ্য দুই দলের গোলকিপারকেই তেমন পরীক্ষার মুখে পড়তে হয়নি। দ্বিতীয়ার্ধে কেপ ভার্দে গোল পাওয়ার পরিস্থিতি তৈরি করলেও কাজের কাজটা করতে পারেনি। সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন জিলসন বেঞ্চিমল। তবে সতর্ক উইলিয়ামস অনবদ্য দক্ষতায় দক্ষিণ আফ্রিকাকে বিপন্মুক্ত করেন।
We are going to the Semi-finals !!!!!!! #AfCON2023 #BafanaPride#TotalEnergiesAFCON2023 pic.twitter.com/3qbbf8Lb0R
— Bafana Bafana (@BafanaBafana) February 3, 2024
অতিরিক্ত সময়ে কেপ ভার্দের গোলকিপার ভজিনহা দুটি দুরন্ত সেভ করেন। অতিরিক্ত সময়ে এ ছাড়া আর তেমন কোনও উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। কোনও গোল না হওয়ায় খেলার ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকারে। সেখানেও দুরন্ত ফর্ম ধরে রাখেন আত্মবিশ্বাসী রনোয়েন।
প্রথম দুটে স্পট-কিক বাঁচিয়ে দক্ষিণ আফ্রিকার জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রনোয়েন। পেনাল্টি শ্যুটআউট থেকে গোল করতে ব্যর্থ হন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন ফরওয়ার্ড বেবে ও উইলি সেমেডো। দক্ষিণ আফ্রিকার জাখেল লেপাসা গোল করতে ব্যর্থ হলে কেপ ভার্দের আশা জাগে। কিন্তু উইলিয়ামস বাঁচিয়ে দেন লারোস দুয়ার্তের শটটিও।
We've run out of adjectives to describe this guy! #TotalEnergiesAFCON2023 pic.twitter.com/ei4Kt5kGOj
— CAF (@CAF_Online) February 3, 2024
এরপর ভজিনহা দক্ষিণ আফ্রিকার অব্রে মোদিবার শট বাঁচানোর পরেই কেপ ভার্দের হয়ে গোল করেন ব্রায়ান টেক্সেইরা। দক্ষিণ আফ্রিকার সম্ভাবনা উজ্জ্বল হয় মোথোবি মভালা গোল করে দিতেই। এরপর উইলিয়ামস প্যাট্রিক আন্দ্রাদের শট রুখে দিতেই শেষ চারে ওঠা নিশ্চিত হয়ে যায় দক্ষিণ আফ্রিকার। ১৯৯৬ সালের চ্যাম্পিয়নরা ফাইনালে ওঠার লক্ষ্যে নাইজেরিয়ার মুখোমুখি হবে।












Click it and Unblock the Notifications