জিদান -রোনাল্ডো যুগলবন্দি থাকছেই, কী বলছেন জিজু
বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে কোথায় থাকবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার সেই জল্পনায় নিজের রায় দিলেন রিয়ালের কোচ জিদান।
রিয়াল মাদ্রিদে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থাকছেন না থাকছেন না। এটাই এখন কোটি টাকার প্রশ্ন রিয়াল মাদ্রিদের অন্দমহলে। বেশ কয়েকদিন আগে রোনাল্ডোর কর ফাঁকি মামলায় তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে স্প্যানিশ আদালত। সেসময় রিয়ালের পক্ষ থেকে কোনও সাহায্যের হাত না বাড়িয়ে দেওয়ায় বেশ চটেন সিআর সেভেন। এমনকি নিজের কাছের লোকেদের জানিয়ে দেন তিনি অন্য ক্লাবে চলে যাবেন। সেসময় রোনাল্ডোকে তুলে নেওয়ার দৌড়ে নেমে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেন্ট জার্মেইনের মত হেভিওয়েট ক্লাবরা।
কিন্তু এ সময়ে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট জানান তাঁরা সিআর সেভেনকে ধরে রাখার বিষয়ে আশাবাদী। ফ্লোরেন্তিনো পেরেজ এও জানিয়ে দেন রোনাল্ডোকে ধরে রাখার জন্য সব কিছু করবেন তিনি। এবার ফ্লোরেন্তিনো পেরেজের কথার জোর আরও বাড়ালেন রিয়াল কোচ জিনেদাইন জিদান।

জিজু-র দাবি রোনাল্ডো এখন ছুটি কাটাচ্ছেন, ছুটি কাটিয়েই তিনি রিয়াল মাদ্রিদেই যোগ দেবেন। গত মরশুমে রিয়াল মাদ্রিদকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ দুটোই জিতেছে। যার মূল কারিগর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই। তাই জিদান বলেছেন 'রোনাল্ডো ছুটি কাটাচ্ছেন যেটা কাটানোর নায্য অধিকার তাঁর রয়েছে।' এছাড়াও রিয়াল কোচ আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন,'ছুটি কাটিয়েই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। রিয়াল ছেড়ে অন্য কোথাও যাওয়ার প্রশ্নই ওঠেনা।'

সামনেই রিয়াল মাদ্রিদের প্রিসিজন ম্যাচ খেলবে। ৩ অগাস্ট মেজর লিগ সকারের ম্যাচ খেলার আগে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার সঙ্গে ম্যাচ খেলবে রিয়াল।












Click it and Unblock the Notifications