Ronaldinho: রোনাল্ডিনহো দুর্গাপুজোয় থাকবেন কলকাতায়, কোথায় দেখতে পারবেন ব্রাজিলীয় কিংবদন্তিকে?
Ronaldinho: দুর্গাপুজোয় এবার কলকাতায় আসছেন ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডিনহো। দ্বিতীয়াতেই তিনি পদার্পণ করছেন ফুটবলের মক্কায়। ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই তারকা চতুর্থী অবধি কলকাতায় থাকবেন বলে জানা যাচ্ছে।
রোনাল্ডিনহো এর আগেও বেশ কয়েকবার ভারতে এসেছেন। তবে কলকাতায় আসছেন এবারই প্রথম। তাও আবার দুর্গাপুজোর সময়।

শতদ্রু জানালেন, ১৬ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত কলকাতায় থাকবেন রোনাল্ডিনহো। অন্তত চারটি পুজো প্যান্ডেলে তাঁর যাওয়ার কথা। স্পনসরদের সঙ্গে একটি অনুষ্ঠানে মিলিত হবেন। কলকাতায় বল পায়েও দেখা যাবে রোনাল্ডিনহোকে। খেলবেন একটি চ্যারিটি ম্যাচ। শতদ্রুর রিষড়ার বাড়িতেও আসবেন ব্রাজিলীয় কিংবদন্তি।
কলকাতায় রোনাল্ডিনহোর সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে জানা গিয়েছে, রাজ্যের এক মন্ত্রীর নামকরা পুজো প্যান্ডেলে যাবেন রোনাল্ডিনহো। নরেন্দ্রপুর গ্রিনপার্ক সর্বজনীন দুর্গোৎসবের এবারের থিম কাতারের লুসেল স্টেডিয়ামে লিওনেল মেসির আর্জেন্তিনার বিশ্বকাপ জয়। সেই মণ্ডপেও যেতে পারেন রোনাল্ডিনহো।
রোনাল্ডিনহো ২০১২ সালের ২৭ ডিসেম্বর পুনেতে এসেছিলেন, ২৮ ডিসেম্বর প্রকাশ করেছিলেন রোনাল্ডিনহো ভার্সাস এলিয়েন্স মুভির। ২০১৬ সালে ২৪ জানুয়ারি কোঝিকোড়ে এসেছিলেন রোনাল্ডিনহো। নাগজি ফুটল প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ২৬ জানুয়ারি তিনি উঠতি ফুটবলারদের সঙ্গে একটি অনুষ্ঠানে মিলিত হন।

এরপর ওই বছরই ফের ভারতে আসেন রোনাল্ডিনহো। ১৩ জুলাই চেন্নাইয়ে পৌঁছন প্রিমিয়ার ফুটসল লিগে অংশ নেওয়ার জন্য। গোয়া ফাইভের অধিনায়ক হিসেবে চেন্নাইয়ের নেহরু ইনডোর স্টেডিয়ামে নেমেছিলেন বল পায়ে। বার্সেলোনার প্রাক্তন কিংবদন্তি ২০১৭ সালেও ভারতে এসেছিলেন। সেবার মুম্বইয়ে। ১৪ জুলাই প্রিমিয়ার ফুটসলের সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন।
ওই বছরই সেপ্টেম্বরে তিনি মুম্বই এসেছিলেন প্রিমিয়ার ফুটসলের সিজন-২-তে দিল্লি ড্রাগনসের হয়ে খেলার জন্য। সম্প্রতি দুবাইয়ে রোনাল্ডিনহোর দাদা তথা তাঁর ম্যানেজার ও এজেন্ট রবার্তো অ্যাসিসের সঙ্গে সাক্ষাৎ হয় শতদ্রুর। তখনই রোনাল্ডিনহোর কলকাতা সফরের বিষয়টি চূড়ান্ত হয়েছে। ১৫ অক্টোবর শতদ্রুর উদ্যোগে ঢাকা যাওয়ার কথা রোনাল্ডিনহোর। সেখান থেকে পা রাখবেন কলকাতায়।
ফিফা বিশ্বকাপ জেতা ব্রাজিল দলের সদস্য রোনাল্ডিনহো ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য প্লেয়ার হয়েছেন, পেয়েছেন ব্যালন ডি'অর পুরস্কার। রোনাল্ডিনহোই একমাত্র ফুটবলার যিনি বিশ্বকাপ, কোপা আমেরিকা, কনফেডারেশনস কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা লিবেরতাদোরেস ও ব্যালন ডি'অর জিতেছেন।
রোনাল্ডিনহো ১৯৯৯ থেকে ২০১৩ অবধি খেলেছেন ব্রাজিলের হয়ে। ৯৭টি ম্যাচে রয়েছে ৩৩টি গোল। ২০০৮ সালের অলিম্পিকেও খেলেছেন ব্রাজিল ফুটবল দলের হয়ে। পিএসজি, বার্সেলোনা, এসি মিলান-সহ নামকরা ক্লাবের হয়েও বল পায়ে সম্মোহিত করেছেন ফুটবলপ্রেমীদের।












Click it and Unblock the Notifications