Ballon d'Or: রদ্রির ব্যালন ডি'অর জেতা নিয়ে তুমুল বিতর্ক, অনুষ্ঠান বয়কট রিয়াল মাদ্রিদের
Ballon d'Or: ব্যালন ডি'অর খেতাব জিতলেন রদ্রি। স্পেনের ইউরো কাপজয়ী দলের সদস্য তথা ম্যানচেস্টার সিটির নির্ভরযোগ্য ফুটবলার। যদিও তাঁর পুরস্কার পাওয়া নিয়ে তুঙ্গে বিতর্ক।
ভিন্সিয়াস জুনিয়র-সহ আরও যাঁরা রিয়াল মাদ্রিদ থেকে মনোনীত হয়েছিলন, তাঁরা কেউ হাজির ছিলেন না ব্যালন ডি'অর পুরস্কার প্রদান অনুষ্ঠানে। রিয়াল মাদ্রিদ এই অনুষ্ঠান বয়কট করল।
প্যারিসে ফরাসি ম্যাগাজিন ফ্রান্স ফুটবল ও উয়েফা মিলে ফুটবলের ঐতিহ্যশালী এই পুরস্কার প্রদান করে থাকে। রদ্রি বলেন, এটা আমার কাছে বিশেষ দিন, আমার পরিবার এবং দেশের কাছেও। আমার সোশ্যাল মিডিয়া নেই। মানুষ অনেক কিছু জানতে পারেন না। আমি খুবই সাধারণ একজন। ফুটবল উপভোগ করি, পেশাকে উপভোগ করি। ভালো, শান্ত মানুষ থাকারই চেষ্টা করি।
ম্যানচেস্টার সিটির হয়ে টানা চারবার প্রিমিয়ার লিগ খেতাব জেতার নজির রয়েছে রদ্রির। আর্সেনালের চ্যালেঞ্জের মোকাবিলা করে শেষ ৯টি ম্যাচ টানা জিতে আগের মরশুমে খেতাব জেতে ম্যান সিটি। ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর এই প্রথম ইংল্যান্ডের প্রথম সারির ক্লাবে খেলা কেউ ব্যালন ডি'অর পেলেন।
রদ্রির সঙ্গে জোর টক্কর চলছিল ভিন্সিয়াস জুনিয়রের। কিন্তু খেতাবের ট্রফি পাবেন না বুঝে প্যারিসে যাননি তিনি। জুড বেলিংহ্যাম তৃতীয় স্থানে ছিলেন ভোটিংয়ের শেষে। রিয়াল মাদ্রিদকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে অবদান ছিল ভিন্সিয়াস জুনিয়রের। তিনিই এবার ব্যালন ডি'অর পাওয়ার ব্যাপারে ফেভারিটও ছিলেন।
ভিন্সিয়াস জুনিয়র-সহ রিয়াল মাদ্রিদ থেকে যে ৮ জন মনোনীত হয়েছিলেন সকলেই এবারের অনুষ্ঠান বয়কট করেন। রিয়াল মাদ্রিদ বর্ষসেরা দল ও কার্লো আনসেলোত্তিকে বর্ষসেরা কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে। কিন্তু এই ক্লাবের কেউই সেই পুরস্কারগুলি নিতে হাজির হননি।
ভিন্সিয়াস জুনিয়র এক্স হ্যান্ডলে ইঙ্গিতবাহী বার্তায় বুঝিয়ে দিয়েছেন, প্রয়োজন হলে ভবিষ্যতেও অনুষ্ঠান বয়কটের পথেই তিনি হাঁটবেন। মাদ্রিদের মিডফিল্ডার এডুয়ার্ডো ক্যামাভিঙ্গা সোশ্যাল মিডিয়ায় ভিন্সিয়াস জুনিয়রের সঙ্গে সেলিব্রেশনের ছবি পোস্ট করে লিখেছেন, "এই পুরস্কারে প্রভাব ফেলছে ফুটবল-রাজনীতি। তুমিই বিশ্বের সেরা। কোনও পুরস্কারে তা ভুল প্রমাণিত হয় না।"
উল্লেখ্য, এই পুরস্কার প্রদানে ভোট দিয়ে থাকেন ফিফার প্রথম ১০০-তে থাকা দেশগুলির সাংবাদিকরা। রদ্রি এবারের ইউরো কাপে আলবেনিয়া ম্যাচ বাদে সব গুলিতেই শুরু থেকে নেমেছিলেন। ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের মে অবধি ক্লাব ও দেশের হয়ে ৭৪টি ম্যাচ খেলেছেন, যা বিশ্বরেকর্ড। পেনাল্টি শ্যুটআউট বাদ দিলে এফএ কাপ ফাইনালের আগে কোনও ম্যাচে হারেনি রদ্রির দল।
১৯৬০ সালে লুইস সুয়ারেজের পর এই প্রথম স্পেনের কোনও ফুটবলার জিতলেন ব্যালন ডি'অর খেতাব। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি স্ট্রাইকার আলফ্রেডে ডি স্টেফানো ১৯৫৭ ও ১৯৫৯ সালে এই খেতাব জিতলেও তাঁর জন্ম হয়েছিল আর্জেন্তিনায়। তবে মহিলাদের বিভাগে স্পেনের দাপট অব্যাহত। ২০২১ ও ২০২২ সালে জিতেছিলেন আলেক্সিয়া পুতেলাস এবং গত বছরের পর এবারেও পেলেন আইতানা বনমাতি।
রদ্রি অবশ্য চলতি মরশুমে আর মাঠে নামতে পারবেন না। সম্প্রতি তিনি ফুটবল ক্যালেন্ডারের নিরিখে ফুটবলারদের উপর ক্রমবর্ধমান চাপ নিয়ে সরব হয়েছিলেন। ম্যাচের সংখ্যা বেড়ে চলার প্রতিবাদের কথাও বলেছিলেন। তারপরই তিনি আর্সেনাল ম্যাচে হাঁটুতে চোট পান। ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরির সমস্যা কাটাতে বিশ্রাম নিয়ে শারীরিক ও মানসিকভাবে তরতাজা হয়ে মাঠে ফেরার আশ্বাস দিয়েছেন রদ্রি।
বর্ষসেরা অনূর্ধ্ব ২১ পুরস্কার জিতলেন বার্সেলোনার লামিনে ইয়ামাল। সবচেয়ে বেশি গোলের স্বীকৃতি হিসেবে গার্ড মুলার ট্রফিটি ভাগ করে নিতে হলো হ্যারি কেন ও কিলিয়ান এমবাপেকে। কোপা আমেরিকা খেতাব জয়ের কারণে আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ পেলেন বর্ষসেরা গোলকিপারের পুরস্কার।













Click it and Unblock the Notifications