ম্যান ইউকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতল রিয়াল মাদ্রিদ
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে নিল জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ।
হোসে মোরিনহোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে নিল জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। ম্যান ইউকে ২-১ ব্যবধানে হারিয়ে দিয়েছে রিয়াল। ম্যান ইউয়ের হয়ে একমাত্র গোল করেন রোমেলু লুকাকু। ম্যাচের ৬২ মিনিটে তিনি গোল করেন। তবে তার আগে কেসমিরো ২৪ মিনিটে ও ইসকো ৫২ মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন।
উয়েফা সুপার কাপ জিতে জিদান কোচ হিসাবে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন। কোচ হিসাবে জেতার রেকর্ড ৭৫ শতাংশ। রিয়ালের দায়িত্ব নেওয়ার পরে মোট ৮টি টুর্নামেন্ট খেলে ৬টিতে দলকে চ্যাম্পিয়ন করলেন তিনি।

এর আগের মরশুমে স্পেনের ক্লাব সেভিয়াকে হারিয়ে সুপার কাপ জিতেছিল রিয়াল। আর এবার ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে জয় পেল জিদানের দল। এর আগে ২০০২ ও ২০১৪ সালেও উয়েফা সুপার কাপ জিতেছে রিয়াল।
এদিন প্রথম একাদশে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছিলেন না। তা সত্ত্বেও ফেভারিট ছিল রিয়ালই। গত নয় বছরের ধারা বজায় রেখে স্প্যানিশ ক্লাব হিসাবে সুপার কাপ ঘরে তুলল রিয়াল। গত নয়বারের মধ্যে আটবারই স্পেনের কোনও ক্লাব উয়েফা সুপার কাপ জিতল। মাঝে একবার ২০১৩ সালে বায়ার্ন মিউনিখ সুপার কাপ জেতে।












Click it and Unblock the Notifications