Rajrishi At MB: ইস কা নাম হ্যায় মোহনবাগান! ভাইরাল ভিডিওর রাজঋষি সবুজ মেরুন তাঁবুতে, পেল বিরাট আশ্বাস
Rajrishi At MB: আইএসএলের প্রথম ডার্বিতে দিমিত্রি পেত্রাতসের করা গোলে সমতা ফিরিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এই গোলটি নিয়ে প্রশ্ন তুলেছে ইস্টবেঙ্গল শিবির। যদিও মাঠের বাইরে এই মুহূর্তটি ভাইরাল হয়ে গিয়েছে।
মোহনবাগান সুপার জায়ান্ট তো বটে, ইস্টবেঙ্গলও খুদে ভক্তর ফুটবলপ্রেম দেখে উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়ায় তাই ভাইরাল হতে সময় লাগেনি রাজঋষির।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বাগুইআটির রাজঋষি পরিবারের সঙ্গে টিভিতে খেলা দেখছি। আপন মনে কী যেন বিড়বিড় করে বলছিল। অনেকে মনে করছিলেন, রাজঋষি বোধ হয় কোনও মন্ত্র বলে চলেছে। নজর তখন পুরোপুরি টিভির দিকে। এর মধ্যেই দিমিত্রির সেই গোল।
উচ্ছ্বাসে লাফিয়ে ওঠে ক্লাস টুয়ের ছাত্র রাজঋষি। নিজের মতো করেই চলতে থাকে সেলিব্রেশন। আর বলতে থাকে, ইস কা নাম হ্যায় মোহনবাগান! এই বয়সেই ফুটবল অন্তপ্রাণ। প্রিয় ক্লাব মোহনবাগান এসজিকে পিছিয়ে থাকতে দেখাটা মোটেই বরদাস্ত করতে পারছিল না। তাই গোলের আনন্দের সেলিব্রেশন দেখে কাঁদতেও দেখা যায় রাজঋষিকে।
দুই প্রধানের ফুটবলপ্রেমীরাই রাজঋষির ফুটবলপ্রেম দেখে মুগ্ধ। রাজঋষির বাবাকে গতকালই ফোন করে মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত বলেছিলেন, ওকে ক্লাবে নিয়ে আসতে। মোহনবাগান ক্লাব যে কী ঐতিহ্য বহন করে তা নিজের চোখেই দেখুক রাজঋষি। ভিআইপি টিকিট দেওয়ার আশ্বাসও দেওয়া হয়।
আজ বাবা-মায়ের সঙ্গে রাজঋষি গিয়েছিল সবুজ মেরুন তাঁবুতে। সেলফি জোনের পাশাপাশি ঐতিহাসিক অমর একাদশের মূর্তির সামনে দাঁড়িয়ে ছবিও তোলে। রাজঋষির নাম লেখা মোহনবাগান সুপার জায়ান্টের জার্সি, ব্যাগ, টুপি উপহার দেওয়া হয়। ট্রফি ক্যাবিনেটের সামনে দাঁড়িয়েও সেই সম্পর্কে জেনে নেয় এই খুদে বাগান-ভক্ত।
মোহনবাগান সচিব দেবাশিস দত্ত নিজে স্বাগত জানান এই খুদে ভক্তকে। একইসঙ্গে তিনি জানান, রাজঋষিকে এবার থেকে আইএসএলে বাগানের প্রতিটি হোম ম্যাচের দুটি করে ভিআইপি টিকিট দেওয়া হবে। যখনই তার ইচ্ছা হোক যাতে স্টেডিয়ামে গিয়ে প্রিয় দলের খেলা দেখতে পারে।












Click it and Unblock the Notifications