ফেডারেশনকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কোন চিঠি কোয়েসের? লাল-হলুদের আই লিগ খেলা এখন প্রশ্নের মুখে
ফেডারেশনকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কোন চিঠি কোয়েসের? লাল-হলুদের আই লিগ খেলা এখন প্রশ্নের মুখে
সম্পর্ক ছেদের পরও কোয়েসের সঙ্গে ঠান্ডা যুদ্ধের শেষ নেই। এবার ইস্টবেঙ্গলকে বড় ধাক্কা দিল কোয়েস। যে কারণে আগামী মরসুমে ইস্টবেঙ্গলের আই লিগ বা আইএসএল, কোনও টুর্নামেন্টে খেলাই এখন প্রশ্নের মুখে।

এআইএফএফকে চিঠি কোয়েস কর্তার
কোয়েস প্রধান অজিত আইজ্যাক এআইএফএফকে চিঠি দিয়েছে। যে চিঠিতে স্পষ্ট করে কোয়েসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের স্পোর্টিং রাইটস এখনও তাদের হাতেই রয়েছে।

রেজিস্ট্রেশন চেয়ে ইস্টবেঙ্গলের চিঠি
শতবর্ষের ক্লাবের রেজিস্ট্রেশন এখন বিশ বাঁও জলে। রেজিস্ট্রেশন চেয়ে কিছুদিন আগেই ফেডারেশনকে চিঠি দিয়েছিল ইস্টবেঙ্গল। কোয়সের সঙ্গে ৩১ মে ক্লাবের সম্পর্ক ছেদ হয়েছে বলে ইস্টবেঙ্গল চিঠিতে জানায়। ৩১ মে-র পর কোয়েস লাল-হলুদ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে বলে কোয়েস কর্তা সুব্রত নাগের চিঠিতে উল্লেখ করেছিলেন, সেই চিঠি ফেডারেশনকে দিয়েছে ইস্টবেঙ্গল।

ইস্টবেঙ্গলের রেজিস্ট্রেশন এখন বিশ বাঁও জলে
ফেডারেশনের কাছে ইস্টবেঙ্গলের এই চিঠি পৌঁছানোর পর এবার পাল্টা চিঠি কোয়েসের। ইস্টবেঙ্গলকে যাতে রেজিস্ট্রেশন দেওয়া না হয়, তা জানিয়ে কোয়েসের কর্ণধার অজিত আইজ্যাক ফেডারেশনকে ই-মেল করছেন। আইজ্যাক ই-মেলে সাফ বলে জানিয়েছেন, লাইসেন্সিং-এর ব্যাপারটা কোয়েস-ইস্টবেঙ্গলের হাতেই রয়েছে। যতদিন না ক্লাবের সঙ্গে বিষয়টির সম্পূর্ণ সমাধান হচ্ছে, ফেডারেশন যেন শুধু ইস্টবেঙ্গলের নামে কোনও কিছু নথিভুক্ত না করে মেইলে কোয়েস কর্তা এমনটা জানিয়েছেন।

কলকাতা লিগ থেকে আই লিগ নিয়ে বড় জটের সামনে ইস্টবেঙ্গল
১০ জুলাই থেকে ক্লাব লাইসেন্সিং-এর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে এই পরিস্থিতিতে কোয়েসের থেকে ক্লাব লাইসেন্সিং নিয়ে নো অবজেশন সার্টিফিকেট (এনওসি) না পেলে আগামী দিনে বড় সংকটে পড়তে চলেছে লাল-হলুদ। এআইএফএফকে দেওয়া অজিতের চিঠির পর ইস্টবেঙ্গল এখন কোন পথে সমস্যা সমাধান করে সেটাই এখন দেখার। প্রসঙ্গত এইআইএফএফে কাছে ক্লাব 'কোয়েস ইস্টবেঙ্গল' নামে নথিভুক্ত থাকলেও আইএএফতে ইস্টবেঙ্গল নামে নথিভুক্ত। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের কলকাতা লিগ খেলায় কোনও সমস্যা হবে না বলে আইএফএ সচিব জয়দীপ মুখ্যোপাধ্যায় জানিয়েছিলেন। কোয়েসের এই চিঠির পর এবার অবশ্য ইস্টবেঙ্গলের কলকাতা লিগ খেলা নিয়েও সংশয় তৈরি হচ্ছে।












Click it and Unblock the Notifications