Kylian Mbappe: আল হিলালের প্রস্তাব গ্রহণ পিএসজির, বিশ্বরেকর্ড গড়ে এমবাপে কি সৌদির পথে?
Kylian Mbappe: কিলিয়ান এমবাপে নয়া বিশ্বরেকর্ড গড়তে পারেন। যা স্পষ্ট হবে কয়েক দিনের মধ্যেই। সৌদি আরবের ক্লাব আল হিলাল ফ্রান্সের তারকা স্ট্রাইকারকে পেতে যে দরে পিএসজি থেকে কিনতে চেয়েছে তা বিশ্বরেকর্ড গড়ার মতো।
জানা যাচ্ছে, সৌদির ক্লাবের অবিশ্বাস্য দরের প্রস্তাব গ্রহণ করেছে পিএসজি। কিন্তু তাতেও স্পষ্ট নয় এমবাপে সৌদি আরবে যাবেন কিনা।

পিএসজির সঙ্গে এমবাপের চুক্তি রয়েছে ২০২৪ সাল অবধি। কিন্তু এমবাপে আর পিএসজিতে থাকতে চাইছেন না বলেই খবর। ভালো দর পেলে লোনে এমবাপেকে ছেড়ে দিতে যে সমস্যা নেই তাও স্পষ্ট করেছে পিএসজি। ২০২৪ সালের আগে এমবাপে ফ্রি এজেন্ট হতে পারবেন না। অর্থাৎ ২০২৪ সালে যে কোনও দল সরাসরি এমবাপেকে নিতে পারবে।
কিন্তু চুক্তি থাকাকালীন এমবাপেকে কোনও দল যদি নিতে চায় তাহলে পিএসজিকে অর্থ দিয়েই নিতে হবে ফরাসি তারকাকে। এরই মধ্যে এমবাপেকে নেওয়ার জন্য আল হিলাল ৩০০ মিলিয়ন ইউরো বা ২৫৯ মিলিয়ন পাউন্ড বা ৩৩২ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে। যা গ্রহণ করেছে পিএসজি। এত অর্থের বিনিময়ে ফুটবলার ট্রান্সফার আগে হয়নি বিশ্বে।

এমবাপে যদি আল হিলালে খেলেন তাহলে এক বছরে তিনি বেতন হিসেবে পাবেন ৭০০ মিলিয়ন ইউরো বা ৬০৪ মিলিয়ন পাউন্ড বা ৭৭৫ মিলিয়ন মার্কিন ডলার। এমবাপে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি রিয়াল মাদ্রিদে খেলতে আগ্রহী। কিন্তু রিয়াল যে পিএসজিকে এতটা অর্থ দেবে না সেটাও পরিষ্কার।
কেরিয়ারের শেষ লগ্নে এসে রোনাল্ডো খেলছেন সৌদি আরবে। মেসি সৌদি আরবে কথা এগিয়েও চলে গিয়েছেন মার্কিন মুলুকে মেজর লিগ সকারে। এমবাপের এখনও অনেক খেলা বাকি। ফলে এখনই তিনি সৌদি আরবে আসবেন কিনা সেটা বোঝা যাচ্ছে না। এমনও হতে পারে তিনি একটি মরশুম আল হিলালে খেলে ফ্রি এজেন্ট হওয়ার পর যেতে পারেন রিয়াল মাদ্রিদে।
পিএসজি এমবাপেকে ১ বিলিয়ন ইউরো বা ৮৬৪ মিলিয়ন পাউন্ড বা ১.১ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ১০ বছরের জন্য চুক্তিতে আগ্রহী ছিল বলে খবর। নয়তো তাঁকে ট্রান্সফার উইন্ডোয় বেচে দেওয়ার কথাও বলা হয়। এরপরই আল হিলালের প্রস্তাব। এমবাপে ক্লাবের সঙ্গে কথা বলবেন। তাঁর সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করবে। পিএসজি আরও অফারের অপেক্ষাতেও থাকতে পারে।
গত জানুয়ারিতে আল নাসেরে যোগ দিয়েছেন সিআর সেভেন। করিম বেঞ্জেমাও সৌদি আরবের প্রো লিগে আল ইত্তিহাদে যোগ দিয়েছেন। এরপর এমবাপেও সৌদি আরবে গেলে সেখানকার লিগের জৌলুস যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।












Click it and Unblock the Notifications