Premier League : বড় ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটির কাছে ৫ গোল হজম ১০ জনের আর্সেনালের
Premier League : বড় ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটির কাছে ৫ গোল খেল ১০ জনের আর্সেনাল
প্রিমিয়ার লিগের বড় ম্যাচে ১০ জনের আর্সেনালকে পর্যুদস্ত করল ম্যাঞ্চেস্টার সিটি। অতি গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে দাপুটে জয় হাসিল করল টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৫-০ গোলের শোচনীয় পরাজয়ের সম্মুখীন হতে হল গানার্সদের। সেই সঙ্গে পরপর ম্যাচ হেরে লিগ তালিকার তলানিতে গিয়ে ১৩টি প্রিমিয়ার লিগ জয়ী দল। অন্যদিকে গত মরসুমের রেশ নিয়ে এবারও বিপুল গতিতে এগিয়ে চলছে ম্যান সিটি।

চলতি মরসুমের প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচেই পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল ম্যাঞ্চেস্টার সিটিকে। তবে দ্বিতীয় ম্যাচ জিতে ছন্দে ফিরেছিল পেপ গুয়ার্দিওলার দল। সেখান থেকেই যে ম্যান সিটি যে আর পিছনে ফিরে তাকাতে চায় না, তা আর্সেনাল ম্যাচে প্রমাণ করলেন গ্যাব্রিয়াল জেসুসরা। শুরু থেকেই ম্যাচে প্রাধান্য কায়েম করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যান সিটির লাগাতার আক্রমণে প্রথম থেকে ছন্নছাড়া আকার নেয় আর্সেনালের ডিফেন্স।
ম্যাচের প্রথম গোলটি হয় ৭ মিনিটের মাথাতে। ম্যান সিটির হয়ে ওই সফলতা হাসিল করেন ইকে গুন্দোগান। ১২ মিনিটের মাথায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে দ্বিতীয় গোলটি করেন ফেরান তোরেস। ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় আর্সেনাল। সেই সময় রাফ অ্যান্ড টাফ ফুটবল খেলতে শুরু করে। ফলে বেশ কয়েকটি বিচ্ছিরি ফাউল করে ফেলে পিছিয়ে থাকা দল। এর শাস্তিও পায় আর্সেনাল। ম্যাচের ৩৫ মিনিটের মাথাতেই লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান গ্রানিত হাকা। এরপর প্রতিপক্ষকে চেপে ধরে ম্যান সিটি। প্রথমার্ধেই আরও বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েও সেগুলি তারা হাতছাড়া করে। তবে ৪৩ মিনিটের মাথায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আরও এক গোলে এগিয়ে দিতে কোনও ভুল করেননি গ্যাব্রিয়াল জেসুস।
⭐️⭐️⭐️⭐️⭐️ - @ManCity #MCIARS pic.twitter.com/n1vzzfeNBD
— Premier League (@premierleague) August 28, 2021
ম্যাচের দ্বিতীয়ার্ধে ১০ জনের আর্সেনালকে খুঁজে পাওয়া যায়নি। ম্যাঞ্চেস্টার সিটির মুহুর্মুহ আক্রমণে ছত্রভঙ্গ হয়ে যায় গানার্সদের ডিফেন্স। ৫৩ মিনিটের মাথায় রদ্রির গোলে ব্যবধান আরও বাড়ায় গুয়ার্দিওলার দল। ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করে ম্যান সিটির জয় নিশ্চিত করেন ফেরান তোরেস। দ্বিতীয়ার্ধে কোনও সঙ্ঘবদ্ধ আক্রমণই গড়ে তুলতে পারেনি আর্সেনাল।
ম্যাচে ৮০ শতাংশ বলের দখল নিজেদের কাছে রাখে ম্যাঞ্চেস্টার সিটি। গোলমুখে ২৫টি শট মারলেও ১০টি তারা টার্গেটে রাখতে সক্ষম হয়। নিজেদের মধ্যে ৭৫৭টি পাস খেলেন ম্যান সিটির খেলোয়াড়েরা। অন্যদিকে প্রতিপক্ষের গোলমুখে মাত্র একটি শট মারতে সক্ষম হয়েছে আর্সেনাল।












Click it and Unblock the Notifications