ভরা গ্যালারিতে বসে পিএসজি-র দাপুটে জয়ের সাক্ষী লিওনেল মেসি, সঙ্গী বন্ধু নেইমার
ভরা গ্যালারিতে বসে পিএসজি-র দাপুটে জয়ের সাক্ষী হলেন লিওনেল মেসি, সঙ্গী বন্ধু নেইমার
বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছেদ করে প্যারিস সেইন্ট-জার্মেইনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন লিওনেল মেসি। নতুন ক্লাবের সঙ্গে সম্পর্কের বোঝাপড়া নিয়ে আশাবাদী ফুটবল তারকা মাঠভর্তি দর্শকদের অভিবাদন কুড়োলেন। ফ্রান্সের লিগ ওয়ানে পিএসজির প্রথম ম্যাচ চলাকালীন মাঠে হাজির হন আর্জেন্তাইন তারকা। গ্যালারিতে বসে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন নতুন ক্লাবের দুর্দান্ত জয়। সঙ্গী ছিলেন বন্ধু নেইমার।
|
মাঠে হাজির মেসি
স্ট্রাসবর্গের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের লিগ ওয়ানের অভিযান শুরু করে পিএসজি। ঘরের মাঠ লে প্রাক দেজ প্রিন্সিসের গ্যালারিতে বসে সেই খেলার উপভোগ করেছেন লিওনেল মেসি। ম্যাচ শুরুর আগে মাঠেই অস্থায়ী মঞ্চ তৈরি করে ফ্যানদের সামনে লিওনেল মেসি, সার্জিও রামোস সহ নবাগত ফুটবলারদের তুলে ধরে পিএসজি। হাত নাড়িয়ে মাঠে হাজির দর্শকদের অভিবাদন জানান লিও সহ অন্যান্যরা। এরপর পিএসজি-র হয়ে প্রথম ম্যাচ না খেলা বন্ধু নেইমারের সঙ্গে গ্যালারিতে বসে নতুন দলের জয় উপভোগ করেন আর্জেন্তাইন তারকা।

উই আর প্যারিস
'উই আর প্যারিস' লেখা সাদা টি-শার্ট গায়ে মাঠে হাজির হয়েছিলেন লিওনেল মেসি। ম্যাচ শুরুর আগে যাঁকে হাত নাড়িয়ে মাঠের দর্শকদের অভিবাদন কুড়োতে দেখা যায়। মেসিকে পেয়ে আপ্লুত হন পিএসজি ফ্যানরা। 'মেসি... মেসি...' গর্জনে কেঁপে ওঠে স্টেডিয়াম। বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ভেঙে প্যারিস পৌঁছে ফুটবল প্রেমীদের আবেগ-উচ্ছ্বাসে ভেসেছেন লিও। নতুন দলের হয়ে নিজের সেরাটা উজাড় করে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জেতাই যে তাঁর প্রধান লক্ষ্য, তাও জানিয়েছেন ছয় বারের ব্যালন ডি'অর জয়ী তারকা। পিএসজি-র সঙ্গে যাঁর দুই বছরের চুক্তি হয়েছে। প্রয়োজনে সেই চুক্তি এক বছর বাড়ানোও যেতে পারে। প্যারিসের ক্লাবে ৩০ নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন লিও।

পিএসজির জয়
লিগ ওয়ানে নিজেদের প্রথম ম্যাচে স্ট্রাসবর্গের মুখোমুখি হয়েছিল প্যারিস সেইন্ট-জার্মেইন। ওই ম্যাচ ৪-২ গোলের ব্যবধানে জিতেছে লিওনেল মেসির নতুন ক্লাব। জয়ী দলের হয়ে গোল করেছেন মাউরো ইকার্ডি, কিলিয়ান এমবাপে, জুলিয়ান ড্রাক্সলার ও পাবলো সারাবিয়া। পরাজিত দলের হয়ে গোল করেছেন কেভিন গামেইরো ও লুডোভিচ।

প্রিমিয়ার লিগ
দুর্দান্ত ছন্দে নিজেদের প্রিমিয়ার লিগ অভিযান শুরু করেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। লিডস ইউনাইটেডকে ৫-১ গোলে হারিয়েছে রেড ডেভিলসরা। হ্যাটট্রিক করেছেন ব্রুনো ফার্নান্ডেজ। একটি করে গোল করেছেন ম্যাসন ও ফ্রেড। অন্যদিকে জয় দিয়েই নিজেদের প্রিমিয়ার লিগ অভিযান শুরু করেছে চেলসি, লিভারপুল ও লেস্টার সিটি। ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ খেতাবজয়ীরা। নরউচ ও উলভসকে যথাক্রমে ৩-০ ও ১-০ গোলে হারিয়েছে লিভারপুল ও লেস্টার সিটি।












Click it and Unblock the Notifications