Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের ফুটবল শুরু কাল, নামছে স্পেন ও আর্জেন্তিনা! জেনে রাখুন খুঁটিনাটি তথ্য
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের উদ্বোধন শুক্রবার। তার আগে অবশ্য শুরু হয়ে যাচ্ছে বেশ কয়েকটি ইভেন্ট। কাল যেমন রয়েছে ফুটবলের দুটি ম্যাচ।
ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে এই দুটি ম্যাচ। একটিতে স্পেন খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। অপর ম্যাচে আর্জেন্তিনার সামনে মরক্কো।

অলিম্পিক্সে পুরুষদের ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে থাকে অনূর্ধ্ব ২৩ দল। ২৩ বছরের চেয়ে বেশি বয়সের ফুটবলারের সংখ্যা সর্বাধিক হতে পারে তিন। ১৬টি দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। প্রতিটি গ্রুপের সেরা দলগুলি যাবে কোয়ার্টার ফাইনালে।
সেমিফাইনালে জয়ী দলেরা সোনা জয়ের ম্যাচে মুখোমুখি হয়। আর সেমিফাইনালে যারা হেরে যায় তারা নামবে ব্রোঞ্জ পদকের লক্ষ্যে। ১৮৯৬ ও ১৯৩২ বাদে সব অলিম্পিক্সেই পুরুষদের ফুটবল থেকেছে। এবার দেশের মাটিতে সোনা জিততে মুখিয়ে ফ্রান্স।
অলিম্পিক্সে পুরুষদের ফুটবলে গ্রুপ এ-তে রয়েছে ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, গিনি ও নিউজিল্যান্ড। গ্রুপ বি-তে আর্জেন্তিনা, মরক্কো, ইউক্রেন ও ইরাক। গ্রুপ সি-তে উজবেকিস্তান, স্পেন, মিশর, ডমিনিকান রিপাবলিক। গ্রুপ ডি-তে আছে জাপান, প্যারাগুয়ে, মালি ও ইজরায়েল।
১৯৮৪ সালে ফ্রান্স পুরুষদের ফুটবলে সোনা জিতেছিল। এবার তারা সোনা জয়ের বড় দাবিদার। আর্জেন্তিনা অলিম্পিক্সে সোনা জিতেছে ২ বার। ইউরো কাপ জেতা স্পেন দলের ফারমিন লোপেজ, আলেক্স বায়েনারা থাকায় স্প্যানিশ আর্মাডাদেরও হাল্কাভাবে নেওয়া যাবে না।
গ্রুপ পর্বের খেলাগুলি চলবে ২৪ জুলাই থেকে ৩০ জুলাই অবধি। কোয়ার্টার ফাইনাল ২ অগাস্ট। সেমিফাইনাল অগাস্টের ৫ তারিখ। ব্রোঞ্জ পদকের ম্যাচ ৮ অগাস্ট। সোনার পদকের ম্যাচ ৯ অগাস্ট। ফ্রান্সের সাতটি স্টেডিয়ামে খেলাগুলি হবে।
নির্ধারিত সময় খেলায় দুই দলই সমান গোল করে থাকলে দুই অর্ধে অতিরিক্ত ১৫ মিনিট করে মোট ৩০ মিনিট খেলা হবে। তাতেও না হলে পেনাল্টি শ্যুটআউটে বিজয়ী নির্ধারিত হবে। কোনও দেশ ১৮ জনের দল ঘোষণা করতে পারে, তিনজন ২৩ বছরের বেশি ফুটবলার-সহ। চারজন রিজার্ভ রাখা যায়।
পুরুষদের ফুটবলে অলিম্পিক্সে সবচেয়ে বেশি তিনটি করে সোনা জিতেছে গ্রেট ব্রিটেন ও হাঙ্গেরি। আর্জেন্তিনা, ব্রাজিল, সোভিয়েত ইউনিয়ন ও উরুগুয়ে জিতেছে ২টি করে। সবচেয়ে বেশি অলিম্পিক্স পদক জিতেছে ব্রাজিল। ২০১৬ ও ২০২০ সালের অলিম্পিক্সে তারা সোনা জিতেছিল। যদিও ২০০৪ সালের পর এই প্রথম অলিম্পিক্সে যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে ব্রাজিলের পুরুষ ফুটবল দল।












Click it and Unblock the Notifications