Paris Olympics 2024: উজবেক-বধ সেরে অভিযান শুরু স্পেনের, মরক্কোর বিরুদ্ধে নাটকীয় কামব্যাকে ড্র আর্জেন্তিনার
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের ফুটবল প্রথম দিনেই জমজমাট। এবারের ইউরো কাপ জিতেছে স্পেন। কোপা আমেরিকা আর্জেন্তিনা।
অলিম্পিক্স ফুটবল মূলত বিভিন্ন দেশের অনূর্ধ্ব ২৩ দল খেলে, তিনজন তার চেয়ে বেশি বয়সের ফুটবলার থাকেন। এদিন জয় পেল স্পেন, নাটকীয় ড্র আর্জেন্তিনার।

গ্রুপ সি-র ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে স্পেন জয় ছিনিয়ে নিল ২-১ গোলে। প্রথমার্ধের শেষে খেলার ফল ছিল ১-১। ২৯ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দেন মার্ক পুবিল। প্রথমার্ধের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান এলদর সমুরোদভ।
বিরতির পর খেলা শুরু হলে দুই দলই গোল পাওয়ার চেষ্টা করতে থাকে। ৬২ মিনিটে স্প্যানিশ আর্মাডার হয়ে জয়সূচক গোলটি করেন সের্হিও গোমেজ। গ্রুপ সি-র অন্য ম্যাচে আজ মুখোমুখি হয়েছে মিশর ও ডমিনিকান রিপাবলিক। স্পেনের পরবর্তী ম্যাচ ২৭ জুলাই ডমিনিকান রিপাবলিকের বিরুদ্ধে।
গ্রুপ বি-র ম্যাচে এদিন মরক্কোর কাছ থেকে শেষ মুহূর্তে পয়েন্ট কেড়ে নিল আর্জেন্তিনা। প্রথমার্ধের শেষে আর্জেন্তিনা পিছিয়ে ছিল ০-১ গোলে। প্রথমার্ধের ইনজুরি টাইমে সুফিয়ানে রাহিমির গোলে এগিয়ে গিয়েছিল মরক্কো। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কিছু পরেই লিড বাড়ে।
পেনাল্টি থেকে রাহিমি গোল করে মরক্কোকে এগিয়ে দেন ২-০ গোলে। এরপরই সমতা ফেরানোর মরিয়া লড়াই চালাতে শুরু করে আর্জেন্তিনা। একের পর আক্রমণের ঝড় তুলতে থাকে লিওনেল মেসির দেশ। ৬৮ মিনিটে গোল করেন জুলিয়ানো সিমিওনে।
এরপর বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত মরক্কোর রক্ষণভাগে। মরক্কোর গোলকিপার প্রশংসনীয় দক্ষতায় পয়েন্ট ব্ল্যাক রেঞ্জের প্রয়াস রুখে দেন। যদিও শেষরক্ষা হয়নি। ১৫ মিনিটের ইনজুরি টাইমে নাটকীয়ভাবে সমতা ফেরায় আর্জেন্তিনা।
প্রথমে মরক্কোর গোলরক্ষক মুনির মোহামেদির গায়ে গিয়ে লাগে তিয়াগো আলমাডার দূরপাল্লার শট। ফিরতি বলে ব্রুনো আমিওনে শট নিলে তা গোলকিপারের গায়ে লেগে পোস্টে প্রতিহত হয়। তারপর বল পেয়ে নিকোলাস ওতামেন্দি হেড দেন, তা গিয়ে লাগে ক্রসবারে। যদিও শেষে ক্রিশ্চিয়ান মেদিনা বল জালে জড়িয়ে দেন। শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগেই।
ফলে কোপা আমেরিকা-জয়ী আর্জেন্তিনার যেখানে হার অবশ্যম্ভাবী বলে মনে করা হচ্ছিল, সেখানে ২ গোলে পিছিয়ে পড়ার পরও এক পয়েন্ট দখলে নেওয়া জয়েরই সামিল বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। এই গ্রুপের অপর দুই দল ইরাক ও ইউক্রেন আজ ভারতীয় সময় রাত সাড়ে ১০টা থেকে মুখোমুখি হবে।
২৭ জুলাই ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে আর্জেন্তিনা খেলবে ইরাকের বিরুদ্ধে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল যাবে কোয়ার্টার ফাইনালে। এই প্রতিবেদন লেখার সময় গ্রুপ এ-তে গিনি বনাম নিউজিল্যান্ড ম্যাচ চলছে। ২৫ মিনিটে ম্যাথু গারবেটের করা গোলে এগিয়ে নিউজিল্যান্ড। মিশর ও ডমিনিকান রিপাবলিক ম্যাচ এখনও গোলশূন্য।












Click it and Unblock the Notifications