Paris Olympics 2024: অলিম্পিক্সে 'বিতর্কিত' হারের পর জয়ের সরণিতে আর্জেন্তিনা, উড়িয়ে দিল ইরাককে
Paris Olympics 2024: অভূতপূর্ব পরিস্থিতিতে পড়ে গোল বাতিল। ২ ঘণ্টা পর ড্র বদলে গিয়েছিল আর্জেন্তিনার পরাজয়ে। মরক্কো ম্যাচের সেই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াল আর্জেন্তিনা।
পুরুষদের ফুটবলে গ্রুপ বি-র ম্য়াচে হাভিয়ের মাসচেরানোর প্রশিক্ষণাধীন আর্জেন্তিনা এদিন ৩-১ গোলে হারিয়ে দিল ইরাককে।
ম্যাচের ১৩ মিনিটে জুলিয়ান আলভারেজের থেকে বল পেয়ে তা জালে জড়িয়ে দেন থিয়াগো আলমাদা। আলমাদা ২০২২ সালে আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী দলের সদস্য। যদিও বিরতির আগে ইনজুরি টাইমের ৫ মিনিটের মাথায় ইরাক সমতা ফেরায় আইমেন হুসেনের গোলের সৌজন্যে। হাফ টাইমে খেলার ফল ছিল ১-১।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আর্জেন্তিনা আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। ৬২ মিনিটে আর্জেন্তিনাকে ২-১ গোলে এগিয়ে দেয় লুসিয়ানো গন্ডুর হেডার। ম্য়াচের নির্ধারিত সময়ের যখন মিনিট ছয় বাকি তখন এজেকিয়েল ফার্নান্দেজ ব্যবধান বাড়িয়ে ৩-১ করে দেন।
আর্জেন্তিনার পরের ম্যাচ ৩০ জুলাই ইউক্রেনের বিরুদ্ধে। এই প্রতিবেদন লেখার সময় অবধি মরক্কোর বিরুদ্ধে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আছে ইউক্রেন।
এদিন গ্রুপ সি-র অপর ম্যাচে এবারের অলিম্পিক্সে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলল স্পেন। প্রথম ম্যাচে স্প্যানিশ আর্মাডা ২-১ গোলে হারিয়েছিল উজবেকিস্তানকে। আজ ৩-১ গোলে স্পেন হারাল ডমিনিকান রিপাবলিককে।
বিরতিতে এই খেলারও ফল ছিল ১-১। ২৪ মিনিটে স্পেনের ফেরমিন লোপেজ গোল করেছিলেন। ৩৮ মিনিটে অ্যাঞ্জেল ওকা দে মন্তেসের গোলে সমতা ফেরায় ডমিনিকান রিপাবলিক। এরপর ৫৫ মিনিটে আলেক্স বায়েনা ও ৭০ মিনিটে মিগুয়েল গুতিরেজ স্পেনের বাকি ২টি গোল করেন।













Click it and Unblock the Notifications