সনি -ক্রোমাতেও রক্ষা হল না, ফের আটকে গেল মোহনবাগান
মঙ্গলবারের ম্যাচে নেওরকা এফ সি -র বিরুদ্ধে আটকে গেল মোহনবাগান
সনি নর্ডি ও ক্রোমা দলে ফিরেও লাভ হল না মোহনবাগানের। ঘরের মাঠে শিলং লাজংয়ের পর নেওরকা এফ সি-র বিরুদ্ধেও আটকে গেল সঞ্জয় সেনের ছেলেরা। খেলা শেষ হল গোলশূন্য ড্র-তে।

ডার্বি ম্যাচের পর চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে বড় জয় পেয়েছিল মোহনবাগান। কিন্তু সেই ম্যাচে বাগানের প্লেয়াররা চোট পাওয়ার খেসারত এদিনও দিল বাগান শিবির। শিলং লাজংয়ের বিরুদ্ধে চোটের কারণে খেলতে পারেননি ক্রোমা ও সনি। আটকে গিয়েছিল মোহনবাগান। এদিন পুরোপুরি চোটমুক্ত না হতে পারা সত্ত্বে তাঁরা দুজনেই মাঠে নেমেছিলেন। নেওরকা -র রক্ষণে আটকে গেলেন সনি। সুযোগ তৈরি করেও গোলমুখ খুলতে ব্যর্থ ক্রোমা।

অন্যদিকে প্রথমার্ধে বেশ কিছু ভালো আক্রমণ শানায় নেওরকা এফসি। কিংসলে লালকার্ড থাকায় এই ম্যাচে তাঁর জায়গায় খেলেন রানা ঘরামি। তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হন। এতেই বোঝা যাচ্ছে মোহন রক্ষণের ওপর কত চাপ ছিল। এদিকে এদিনের ম্যাচেও নব্বই মিনিটে একবারের জন্যেও বিপক্ষের গোল মুখ খুলতে পারেননি তাঁরা।
এর ফলে ৫ ম্যাচের মাত্র দুটিতে জয় ও তিনটি ড্র নিয়ে লিগ টেবলের তিন নম্বরে চলে এলেন সবুজমেরুণ ব্রিগেড। তাদের আগে রয়েছে মিনার্ভা পাঞ্জাব ও শিলং লাজং।












Click it and Unblock the Notifications