শুরু ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের টিকিট বিক্রি, অফলাইন-অনলাইনে কোথায়, কখন, কী ভাবে কাটবেন টিকিট, জেনে নিন
শুরু ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের টিকিট বিক্রি, অফলাইন-অনলাইনে কোথায়, কখন, কী ভাবে কাটবেন টিকিট, জেনে নিন
আসন্ন ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের জন্য অফ-লাইনে টিকিট বিক্রি শুরু হল ভুবনেশ্বর, গোয়া এবং নভি মুম্বইয়ে। আর মাত্র দশ দিন বাকি ভারতে ফিফার দ্বিতীয় ইভেন্টের আসর বসতে। প্রতিটি আয়োজকারী শহর সেজে উঠেছে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপকে কেন্দ্র করে। শুরু হয়েছে অনলাইন টিকিট বিক্রিও।

কত টাকার টিকিট রাখা হয়েছে:
সমর্থকেরা ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের আনন্দ স্টেডিয়ামে বসে নিতে পারেন নামমাত্র টাকা খরচ করে। ফিফার তরফ থেকে দুই ধরনের টিকিট বর্তমানে অফ-লাইনে ছাড়া হয়েছে। টিকিটের মূল্য রাখা হয়েছে সাধারণের নাগালের মধ্যে। ১০০ টাকা এবং ২০০ টাকার টিকিট এই মুহূর্তে বিক্রি হচ্ছে।

কোথায় বিক্রি হচ্ছে:
ভুবনেশ্বর: কলিঙ্গ স্টেডিয়ামের গেট ৪-এ-তে থাকা বক্স অফিস থেকে টিকিট কাটতে পারবেন সমর্থকরা। ঠিকানা: বিদ্যুৎ মার্গ, নুয়াসাসি নয়াপল্লী।
গোয়া: ফতোরদা স্পোর্টস কমপ্লেক্সে, সুইমিং পুলের কাছে থাকা বক্স অফিস থেকে টিকিট কাটা যাবে। ঠিকানা: ফতোরদা, মারগাও, গোয়া।
নভি মুম্বই: ভীমাশঙ্কর পার্কিং গ্রাউন্জের সামনে বক্স অফিস থেকে টিকিট কিনতে পারবেন সমর্থকেরা। ঠিকানা: ব্যাঙ্ক অব ইন্ডিয়া কলোনি, নিরুল, নভি মুম্বই, মহারাষ্ট্র।

কোন সময় থেকে টিকিট বিক্রি হবে:
ম্যাচ ডে ছাড়া অন্যান্য দিন সকাল ১১'টা থেকে সন্ধ্যা ৬'টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। ম্যাচ ডে-এক দিন সকাল ১১'টা থেকে দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার আগে পর্যন্ত টিকিট বিক্রি হবে। প্রতিটি ম্যাচ ডে-তে দু'টি করে খেলা হবে। প্রথম ম্যাচটি খেলা হবে বিকেল সাড়ে ৪'টা থেকে এবং দ্বিতীয় ম্যাচটি খেলা হবে রাত ৮'টা থেকে।

কাটতে পারবেন অনলাইনে-ও:
বিশ্বকাপের টিকিট আপনারা কাটতে পারবেন অনলাইনেও। FIFA.com/tickets-এই সাইটে গিয়ে টিকিট কেটে ফেলতে পারেন। কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই পেমেন্টের মাধ্যমে টিকিট কাটতে পারবেন। এ ছাড়া আন্তর্জাতিক কার্ডেও কাটা যাবে টিকিট। প্রতি ট্রানজেকশনে সর্বাধিক দশটি টিকিট কাটতে পারবেন। তিনটি স্টেডিয়ামেই সমর্থকদের জন্য গেট খোলা হবে দুপুর আড়াইটা থেকে। ১৮ বছরের নীচের সমর্থকের গুরুজনের সঙ্গে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে, দুই বছরের নীচের বাচ্চাদের টিকিট লাগবে না।












Click it and Unblock the Notifications