নতুন পালক যুক্ত হল রয় কৃষ্ণ’র মুকুটে
ওশিয়ানিয়া ফুটবলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত হলেন কৃষ্ণ
এটিকে মোহনবাগান সমর্থকদের 'নয়নের মণি' রয় কৃষ্ণ আন্তর্জাতিক কেরিয়ার এবং ক্লাব কেরিয়ারে ধারাবাহিক সাফল্যের পুরস্কার পেলেন। ফিজি'র এই ফুটবলার'কে ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত করল ওশিয়ানিয়া ফুটবল কনফেডারেশন।

এটিকে মোহনবাগানের আক্রমণভাগের এই স্তম্ভ চলতি মরসুমে একটু হলেও অফ ফর্মে রয়েছেন। গত ম্যাচে গোয়ার বিরুদ্ধে গোল করলেও রয় কৃষ্ণ'র চেনা ঝাঁঝটা এই বারে দেখা যাচ্ছে না। বরং তাঁকে অনেক বেশি নিস্প্রহ লেগেছে ভারতের তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার লিস্টন কোলাসোর সামনে। তবে, সাময়িক অফ ফর্মে থাকা কৃষ্ণ'কে এই মরসুমের পরিসংখ্যান দিয়ে বিচার করলে ভুল হবে। ২০১৯ থেকে প্রথমে এটিকে এবং পরবর্তী বছর এটিকে মোহনবাগানের হয়ে চোখ ধাঁধানো পরাফরম্যান্স ছিল তাঁর। রয়ের দুরন্ত গোল স্কোরিং দক্ষতার উপর ভর করেই ২০১৯-২০ মরসুমে চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে। ২০২০-২১ মরসুমে রয় কৃষ্ণের ভাল পারফরম্যান্সের কারণেই শেষ চারে জায়গা করে নিয়েছিল এটিকেএমবি।
ভারতে পা রাখার আগে অস্ট্রেলিয়ায় এ লিগে দাপিয়ে খেলেছেন কৃষ্ণ। এ লিগে ২২ ম্যাচে ৫১টি গোল করেছিলেন রয় কৃষ্ণ। ২০১৮-১৯ মরসুমে এ লিগের সেরা ফুটবলারের সম্মান পান রয় কৃষ্ণ। এই একই সম্মান পান আইএসএল-এও। ২০২০-২১ মরসুমে আইএসএল-এর সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন তিনি। আইএসএল নিজের প্রথম দুই মরসুমের সর্বোচ্চ গোলদাতা রয়। দু'বারই গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে পিছনে ফেলেছেন একাধিক খ্যাতনামা তারকা'কে।
ওশিয়ানিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে যুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছেন রয়। ওএফসি অ্যাম্বাসাডর হিসেবে এই সুযোগ পাওয়াটা আমার কাছে গর্বের। রবিবার ওশিয়ানিয়া ফুটবল কনফেডারেশন-এ প্রকাশিত প্রতিবেদনে রয় কৃষ্ণ বলেছেন, "আমার স্বপ্ন হল দ্বীপের একাধিক ছেলে-মেয়ে'কে স্থানীয় অঞ্চলের বাইরে খেলতে দেখা। যদি আমরা একত্রিত ভাবে কাজ করি তা হলে আমাদের সুযোগ রয়েছে বিশ্বের সেরা কিছু হয়ে ওঠার। ওএফসি মহিলা ফুটবলের উন্নতির জন্য যে ভাবে কাজ করছে তাকে আমি পূর্ণ সমর্থন জানাই।"
কৃষ্ণ'কে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করার প্রসঙ্গে ওশিয়ানিয়া ফুটবল কনফেডারেশনের সচিব ফ্র্যাঙ্ক ক্যাস্টিল বলেছেন, "ওশিয়ানিয়ায় ফুটবলের মধ্যে দিয়ে কী অর্জন করা যেতে পারে তার আদর্শ উদাহরন রয় কৃষ্ণ। একজন ফুটবলার হিসেবে ওর বেড়ে ওঠার সাক্ষী আমরা। আগামী প্রজন্মের জন্য সেরা উদাহরন রয়। আমি ধন্যবাদ জানাব কৃষ্ণা'কে এই সুযোগ গ্রহণ করার জন্য।"












Click it and Unblock the Notifications