সবুজ-মেরুন থেকে প্রাক্তন মোহনবাগান কোচের দলে শুভ, হাবাস শিবিরে চেনা মিডফিল্ডার
সবুজ-মেরুন থেকে প্রাক্তন মোহনবাগান কোচের দলে শুভ, পরিবর্ত মণিপুরের মিডফিল্ডার
চলতি আইএসএলে বেশ ভাল জায়গায় রয়েছে এটিকে মোহনবাগান। তা সত্ত্বেও কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্সের সঙ্গে খেলোয়াড় লেনদেন করেই ফেলল আন্টোনিও লোপেজ হাবাসের দল। দ্বিগুন ঋণ চুক্তির ফলাফল হিসেবে মণিপুরী মিডফিল্ডার নংদাম্বা নাওরেম ও ২০ বছরের শুভ ঘোষের মধ্যে দলের অদল-বদল ঘটল মরসুমের মাঝে গগনে। যে কমন ফ্যাক্টরে দুই ফুটবলারই এক সুতোয় বাঁধা পড়লেন, তা হল ২০১৯-২০ মরসুমের আই লিগ জয়ী মোহনবাগান।
|
শুভ ঘোষকে ছাড়ল এটিকে মোহনবাগান
মরসুমের মাঝ গগনে তরুণ মিডফিল্ডার শুভ ঘোষকে কেরালা ব্লাস্টার্সে পাঠাল মোহনবাগান। ২০১৯-২০২০ মরসুম মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া ২০ বছরের ফুটবলারের ওপর মরসুমের শুরু থেকেই নজর ছিল কেরালা ব্লাস্টার্সের। কারণ সেই দলের কোচ কিবু ভিকুনা, গত মরসুমে মোহনবাগানকে প্রশিক্ষণ দিয়েছিলেন। শুভ ঘোষই যে তাঁরই আবিষ্কার, তা এক কথায় বলে দেওয়া যায়। ২০২০-২০২১ মরসুম শুরুর মুখে দল-বদলের বাজারে এটিকে মোহনবাগান শুভকে নিজেদের কাছে রাখতে সক্ষম হয়েছিল। যদিও চলতি আইএসএলে সবুজ-মেরুনের হয়ে সেভাবে সুযোগই পাননি বছর ২০-এর শুভ।

সবুজ-মেরুনে নাওরেম
মোহনবাগানকে ২০১৯-২০২০ মরসুমের আই লিগ চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া নংদাম্বা নাওরেমকে, চলতি আইএসএলের জন্য কিনে নিয়েছিল কেরালা ব্লাস্টার্স। শুভ ঘোষের পরিবর্তে মণিপুরের সেই মিডফিল্ডারকেই ফের দলে নিল সবুজ-মেরুন। চলতি মরসুমে কেরালা ব্লাস্টার্সের হয়ে সেভাবে দাগ কাটতে না পারা নাওরেম আন্টোনিও লোপেজ হাবাসের কোচিংয়ে ঘুরে দাঁড়াতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে দেশের ফুটবল মহল।
|
অঙ্কিতকে ছাড়ল সবুজ-মেরুন
চলতি আইএসএল মরসুমে এটিকে মোহনবাগানের হয়ে একটি ম্যাচও খেলতে না পারা বাঙালি ফুল ব্যাক অঙ্কিত মুখোপাধ্যায়কে ছেড়ে দিল এটিকে মোহনবাগান। এই সংক্রান্ত সবুজ-মেরুনের টুইটও ভাইরাল হয়েছে।

দুর্দান্ত ছন্দে হাবাসের দল
চলতি আইএসএলে এখনও পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছে এটিকে মোহনবাগান। আট ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার প্রথম স্থানে রয়েছে আন্টোনিও লোপেজ হাবাসের দল। টুর্নামেন্টে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ জিতেছেন রয় কৃষ্ণরা।












Click it and Unblock the Notifications