ক্লাবগুলির আপত্তিতে করোনা ভাইরাসের আবহেও আই লিগে অবনমন নিয়ে জট
ক্লাবগুলির আপত্তিতে করোনার আবহে আই লিগে অবনমন নিয়ে জট
ক্লাবগুলির আপত্তিতে আপাতত বিশ বাঁও জলে আই লিগে অবনমন স্থগিত রাখার প্রস্তাব। কারণ শুক্রবার এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি ভারতীয় ফুটবল ফেডারেশন। এই অবস্থায় দেশের আই লিগ খেলা ক্লাবগুলিকে রাজি করানোই তাদের কাছে বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। তাই বল ঠেলে দেওয়া হয়েছে আই লিগ কমিটির কাছে।

গত মরসুমে আই লিগের প্রথম ডিভিশনে অবনমনের মুখে পড়েছিল নেরোকা এফসি। দেশে বাড়তে থাকা করোনা ভাইরাসের জেরে দ্বিতীয় ডিভিশনের ম্যাচগুলি অনিশ্চিত হওয়ার সম্ভাবনা থাকায় ফেডারেশনকে এবার অবনমন স্থগিত রাখার আবেদন করেছিল সেই নেরোকা। অনুরোধ করেছিল, তাদের যেন আগামী আই লিগের প্রথম ডিভিশনে খেলার সুযোগ দেওয়া হয়।
তার প্রেক্ষিতে নড়েচড়ে বসেছিল ভারতীয় ফুটবল ফেডারেশনের। নেরোকা এফসি-র আবেদনের গুরুত্ব বুঝে আই লিগে অবনমন স্থগিত রাখার প্রস্তাবও দিয়ে দিয়েছিলেন ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর ইসাক দোরু। কিন্তু এ ব্যাপারে আপত্তি তোলে দেশের আই লিগ খেলা একাধিক ক্লাব। এতে টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা লঘু হয়ে যাবে বলে দাবি করা হয়েছে।
ফলে শুক্রবার এই ইস্যুতে চূড়ান্চত সিদ্ধান্ত নিতে পারেনি ভারতীয় ফুটবল ফেডারেশন। টেকনিক্যাল ডিরেক্টরের প্রস্তাব আই লিগ কমিটির কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রসর হতে চলেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। অগ্রজ এবং প্রবীণ ফুটবলারদের কোভিড ১৯ টিকা দেওয়ার জন্য প্রতিটি রাজ্যের ফুটবল সংস্থাকে চিঠি লেখা হবে বলে জানিয়েছেন এআইএফএফ সভাপতি প্রফুল্ল প্যাটেল।












Click it and Unblock the Notifications