গ্রিনউডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল নাইকি
গ্রিনউডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল নাইকি
মেসন গ্রিনউডের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করল নাইকি। ধর্ষণ এবং শরীরী নিগ্রহের দায়ে অভিযুক্ত ম্যানচেস্টার ইউনাইটেডের গ্রিনউডকে স্পনসর করত নাইকি। ইউএস-এর বিখ্যাত ক্রীড়াবিপননি সংস্থা জানিয়েছে ধর্ষণের দায়ে গ্রিনউড আটক হওয়ার পর তাঁর সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করেছে সংস্থা।

এক যুবতীকে ধর্ষ এবং নিগ্রহের দায়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল গ্রেটার ম্যানচেস্টারের পুলিশ। গত সপ্তাহে জামিনে বাইরে ছাড়া হয়েছে গ্রিনউডকে। ইউনাইটেড ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করেছে ২০ বছর বয়সী এই ফুটবলারকে। গত সপ্তাহে নাইকির তরফ থেকে সংস্থার মুখপাত্র বলেছিল,"আমরা উপর বিষয়ে উপর নজর রাখছি।"
এ বার জানিয়ে দেওয়া হল গ্রিনউডকে আর কোনও ভাবেই এনডর্স করবে না সংস্থাটি। তারা একটি বিবৃতিতে বলেছে, "মেসন গ্রিনউড আর নাইকির অ্যাথেলিট নন।"
রেড ডেভিলসের পক্ষ থেকে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘটনা সামনে আসার পর বলা হয়েছিল, "সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরা ছবিগুলির সম্পর্কে এবং একে কেন্দ্র করে ওঠা অভিযোগের বিষয়ে আমরা অবগত। পুরো বিষয়ে তদন্ত না হওয়া পর্যন্ত এই নিয়ে আমরা কোনও মন্তব্য করব না। ম্যানচেস্টার ইউনাইটেড কোনও রকম হিংসাকে সমর্থন করে না। অনির্দিষ্ট কালের জন্য নির্বাসিত করা হল মেসন গ্রিনউডকে। দলের অনুশীলনে বা ম্যাচে গ্রিনউডকে ঢুকতে দেওয়া হবে না।"
মেসন গ্রিননউড সংক্রান্ত সমস্ত রকম মার্চেন্ডাইজ নিজেদের ওয়েবসাইট থেকে সরিয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পাশাপাশি দলের ফুটবলার তালিকা থেকেও ওয়েবসাইটে বাদ গিয়েছে গ্রিনউডের নাম। নাইকি ছাড়াও বিভিন্ন স্পনসর দূরে সরে গিয়েছে গ্রিনউডের থেকে এই মারাত্মক অভিযোগে অভিযুক্ত হওয়ার পর।
গ্রিনউডকে আটক করে জিজ্ঞাসাবাদ করা গ্রেটার ম্যানচেস্টারের পুলিশ গত সপ্তাহে বলেছিল, "৩০ জানুয়ারি, রবিবার ২০ বছর বয়সী এক ব্যক্তিকে ধর্ষণ এবং নিগ্রহের অভিযোগে আটক করা হয়েছিল। তাঁকে এই মুহূর্তে জামিনে মুক্ত করা হয়েছে। তদন্ত চলবে।"
ম্যানচেস্টার ইউনাইটেডের ইয়ুথ সিস্টেম থেকে উঠে এসেছেন ইংল্যান্ডের মেসন গ্রিনউড। রেড ডেভিলসের হয়ে মাত্র ২০ বছর বয়সেই ১৩০টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তাঁর গোল সংখ্যা ৩৬। পুরো ঘটনা সম্পর্কে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি গ্রিনউডের তরফ থেকে। ২০২১ সালে প্রতিভাবান ফুটবলারটির সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি করে ম্যানচেস্টার ইউনাইটেড। গ্রিনউডকে সোশ্য়াল মিডিয়ায় আনফলো করা শুরু করেছেন তাঁর সতীর্থরা। এই তালিকায় নাম রয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোরও।












Click it and Unblock the Notifications