Neymar: নেইমারের পার্টনার ও কন্যাকে টার্গেট সশস্ত্র দুষ্কৃতীদের, বাড়িতে হানা! ব্রুনার বিবরণে চাঞ্চল্য
Neymar: চোটের কারণে আপাতত মাঠের বাইরে রয়েছেন ব্রাজিলীয় তারকা নেইমার। তারই মধ্যে চাঞ্চল্যকর ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন নেইমারের পার্টনার ব্রুনা বিয়ানকার্ডি (Bruna Biancardi)।
মাসখানেক আগেই নেইমারের কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ব্রুনা। তারই মধ্যে এবার টার্গেট করা হলো ব্রুনা ও তাঁর কন্যাকে। ব্রুনার বাড়িতে তিনজনের সশস্ত্র দুষ্কৃতী হানা দিল। একজন ধরাও পড়েছে।

ঘটনাটি ঘটেছে সাও পাওলোর মেট্রোপলিটান এরিয়া কোটিয়াতে। সেখানেই ব্রুনার বাড়ি। তবে কন্যাকে নিয়ে তিনি সেখানে ছিলেন না। ছিলেন তাঁর বাবা ও মা। ব্রাজিলের সময় অনুযায়ী মঙ্গলবার ভোরের দিকে ব্রুনার বাড়িতে হানা দেয় তিনজন সশস্ত্র দুষ্কৃতী। তাদের মধ্যে যে ধরা পড়েছে সে আবার ব্রুনাদের প্রতিবেশী।
গোটা ঘটনার কথা ইনস্টাগ্রামের মাধ্যমে জানিয়েছেন নেইমারের পার্টনার ব্রুনা। স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদনে উল্লেখ, ব্রুনা ও তাঁর কন্যাসন্তান কোথায় তা বারবার জানতে চাইছিল দুষ্কৃতীরা। যদিও ব্রুনা ইনস্টাগ্রামে জানিয়েছেন, তিনি ওই বাড়িতে এখন থাকেন না। কিন্তু থাকলে যে বড় বিপদের মুখেই তাঁরা পড়তেন তা বলার অপেক্ষা রাখে না।
জানা যাচ্ছে, ব্রুনার বাবা ও মায়ের হাত, মুখ বেঁধে লুঠপাটও চালিয়েছে ডাকাত দল। লাক্সারি পার্স, ঘড়ি, গয়না নিয়ে তারা চম্পট দেয়। যদিও সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেই ডাকাতির কিনারা করে ফেলেছে পুলিশ। দেখা যায়, যে গাড়িটিতে চেপে ডাকাতরা পালিয়ে গিয়ছে তা ব্রুনার প্রতিবেশীর গাড়ি। ওই প্রতিবেশী জানান, তাঁর গাড়িটি এখন তাঁর পুত্রকে দিয়েছেন তিনি।
এরপরই ওই ব্যক্তির ২০ বছরের পুত্রকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে সে স্বীকার করে নিয়েছে ডাকাতির কথা। লুঠ হওয়া জিনিসগুলি উদ্ধার হয়েছে। কারা এই অপকর্মে জড়িত তাও স্পষ্ট হয়ে গিয়েছে। ব্রুনার বাবা ও মায়ের শারীরিকভাবে কোনও ক্ষতি হয়নি। নেইমার বিস্তারিতভাবে না জানালেও এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করেছেন সোশ্যাল মিডিয়াতেই।












Click it and Unblock the Notifications