Kolkata Football: শহরে এসেই মোহনবাগান ক্লাবে ঘুরে গেলেন মলিনা, সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ ইস্টবেঙ্গলের
সোমবার ২৯ জুলাই। ঐতিহাসিক মোহনবাগান দিবস। আপামোর সবুজ মেরুন জনতার কাছে আবেগের দিন। সোমবার থেকেই সিনিয়র দলের অনুশীলন শুরু হচ্ছে। তার আগে রবিবার সকালেই কলকাতায় এলেন মোহনবাগান এসজির নতুন কোচ হোসে মলিনা। সকালে শহরে এসেই দুপুরে ক্লাবে চলে আসেন স্প্যানিশ কোচ।
মোহনবাগান এসজির হেড কোচ হোসে মলিনা তার কোচিং স্টাফদের নিয়ে ক্লাব পরিদর্শনে আসেন। দুপুর ২টায় তিনি মোহনবাগান মাঠ পরিদর্শন করেন। সদ্য সংস্কার হওয়া মাঠ, জিম, মেডিকেল রুম এবং ঐতিহাসিক ক্লাব তাঁবু দেখতে। তিনি সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্ট ছিলেন। তিনি পুরো স্কোয়াডের সাথে আগামীকাল সকাল ৯টা প্রাক মরশুম অনুশীলন শুরু করবেন। বিকেলে ২৯ জুলাইয়ের অনুষ্ঠানে থাকতে পারেন কয়েকজন ফুটবলার।

বিমানবন্দরে সমর্থকদের দেখেই স্প্যানিশ বস বুঝে গেলেন, গতবারের এটিকের হয়ে কলকাতায় আসার সঙ্গে এবারে শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাবের কোচ হয়ে কলকাতায় আসার চাপ ঠিক কতটা। সব বিদেশিরা আজ রাতের মধ্যেই শহরে চলে আসবেন।
এদিকে আগামী ১ অগাস্ট ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সম্মান প্রাপকদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল ইস্টবেঙ্গল। আগেই জানানো হয়েছিল 'ভারত গৌরব' সম্মানে সম্মানিত করা হবে ইস্টবেঙ্গল ক্লাব ও ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ২০১১ সাল থেকে ভারত গৌরব সম্মান দিচ্ছে ইস্টবেঙ্গল। 'জীবনকৃতি সম্মানে সম্মানিত' করা হবে প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখোপাধ্যায় এবং প্রশান্ত বন্দ্যোপাধ্যায়কে।
'বছরের সেরা ফুটবলার' সম্মানে সম্মানিত করা হবে নন্দকুমার সেকার কে। 'বছরের সেরা উদীয়মান খেলোয়াড়ের' সম্মানে সম্মানিত করা হবে গোলরক্ষক প্রভুসুকন সিং গিলকে। 'বছরের সেরা ক্রিকেট খেলোয়াড়' সম্মানে সম্মানিত করা হবে সাত্যকি দত্ত কে। সেরা 'সমর্থক' সম্মানে সম্মানিত করা হবে মুকুল গাঙ্গুলি ও গনেশ দাসকে। 'প্রদীপ কুমার ব্যানার্জি' মেমোরিয়াল সম্মানে সম্মানিত করা হবে কার্লেস কুয়াদ্রাত কে। 'প্রাইড অফ বেঙ্গল' সম্মানে সম্মানিত করা হবে মহম্মদ শামি কে।
সেরা সাংবাদিকের পুরস্কার পাবেন রাজদীপ সরদেশাই ও সরোজ চক্রবর্তী । সেরা 'রেফারি' সম্মানে সম্মানিত করা হবে সুকৃতি কুমার দত্ত ও জয়ন্ত ব্যানার্জিকে। সৌরভ থেকে শামি এবার লাল হলুদের পুরস্কারের তালিকা বেশ লম্বা।
কলকাতা লিগে এই মুহূর্তে দুরন্ত ছন্দে রয়েছে লাল-হলুদ বাহিনী। এর মধ্যেই শুরু হয়ে যাচ্ছে ডুরান্ডের ম্যাচ। সোমবার ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিরুদ্ধে ডুরান্ড অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল












Click it and Unblock the Notifications