Nations League: নেশনস লিগে গ্রুপের শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল, ড্র করে শেষ আটে ক্রোয়েশিয়াও
Nations League: নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে গেল পর্তুগাল। গ্রুপ পর্বে অপরাজেয় থেকেই। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের সঙ্গেই শেষ আটে গেল ক্রোটরাও।
পর্তুগালের সঙ্গে ক্রোয়েশিয়ার ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। ফলে পোল্যান্ডকে হারিয়েও নক আউট পর্বে যেতে পারল না স্কটল্যান্ড।
পর্তুগালের হেড কোচ রবার্তো মার্তিনেজ এই ম্যাচে অনেক তারকাকেই পাননি। ক্লাবের হয়ে খেলার জন্য ছেড়ে দিতে হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বার্নার্দো সিলভা, পেদ্রো নেতো ও ব্রুনো ফার্নান্দেজকে। ব্রুনোকে অবশ্য কার্ড সমস্যায় এমনিতেই পেত না পর্তুগাল।
স্বাভাবিকভাবেই এতজন তারকা না থাকায় পর্তুগাল চেনা ছন্দে ছিল না। গোলের সুযোগও তেমন তৈরি করতে পারেননি। তা সত্ত্বেও প্রথমার্ধে পর্তুগাল এগিয়ে যায়। ৩৩ মিনিটে পর্তুগালের হয়ে একমাত্র গোলটি করেন জোয়াও ফেলিক্স। ভিতিনহার পাস থেকে বল পেয়ে ফেলিক্স পরাস্ত করেন ক্রোট গোলকিপার ডমিনিক লিভাকোভিচকে।
ভিএআর চেকের পর ফেলিক্সের গোলটি বৈধ ঘোষণা করেন রেফারি। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ছিল পর্তুগালের। ফেলিক্সের গোলটি বাদ দিয়ে ১১ বার গোল করার প্রয়াস চালিয়ে এবং চারবার তিন কাঠিতে বল রাখলেও গোল পায়নি পর্তুগাল। বিরতির পর খেলা শুরু হতেই ক্রোয়েশিয়া সমতা ফেরানোর চেষ্টা চালাতে থাকে।
ক্রোয়েশিয়া সারা ম্যাচে গোল করার জন্য শট নিয়েছে ১৫টি, টার্গেটে ছিল ৮টি। পর্তুগালের টার্গেটে ছিল পাঁচটি শট। ফলে বোঝাই যাচ্ছে ক্রোয়েশিয়া কতটা মরিয়া ছিল জয় পেতে। ৬৫ নিনিটে জস্কো ভার্ডিওয়ের গোলে ক্রোটরা সমতা ফেরায়। তাদের শেষ আটও নিশ্চিত হয়।
তবে প্রথমার্ধে ক্রোয়েশিয়া এগিয়ে যেতেও পারতো। আন্দ্রে ক্রামারিচের শট ক্রসবারে প্রতিহয় হয়। অফ-সাইডের ফাঁদে জড়ানো ভার্ডিওয়ের গোল বাতিল হয়। দ্বিতীয়ার্ধে নুনো মেন্দেজের শট বাঁচান লিভাকোভিচ। পর্তুগালের গোলরক্ষক হোসে সা বাঁচান আন্তে বুদিমিরের প্রয়াস। বুদিমিরের একটি শট পোস্টেও গিয়ে লাগে।
পর্তুগাল ১ নম্বর গ্রুপের শীর্ষে থেকেই শেষ আটে গেল। ৬ ম্যাচের ৪টিতে জয় ও ২টি ড্রয়ের সৌজন্যে। ক্রোয়েশিয়া এই ম্যাচ ড্র করায় তাদের ৬ ম্যাচে হলো ৮ পয়েন্ট। স্কটল্যান্ড শেষ ম্যাচে পোল্যান্ডকে হারালেও ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তিনে থাকল। পোল্যান্ড শেষ করল ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে।













Click it and Unblock the Notifications