ISL 2023-24:হায়দরাবাদকে হারিয়ে মোহনবাগান এসজিকে আরও চাপে ফেলল মুম্বই, কোন অঙ্কে লিগ শিল্ড জিতবে সবুজ মেরুন?
দিন যত এগোচ্ছে ততই মোহনবাগান এসজির লিগ শিল্ড জয়ের রাস্তা কঠিন হয়ে যাচ্ছে।রবিবার চেন্নাইয়িনের কাছে হেরে চাপে পড়ে গিয়েছে সবুজ মেরুন। সোমবার মোহনবাগান এসজির উপর চাপ আরও বাড়িয়ে দিল মুম্বই সিটি এফসি। হায়দরাবাদ এফসিকে ৩-০ হারিয়ে বাগানের সঙ্গে পয়েন্টের ব্যবধানও আরও বাড়িয়ে নিল মুম্বই।
সোমবার অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্বক ছন্দে খেলতে শুরু করে মুম্বই। ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোল করেন ছাংতে। ৩১ মিনিটে ব্যবধান বাড়ালেন মেহেতাব সিং। ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে তৃতীয় গোলটি করলেন দিয়াজ। এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগে লিগ শীর্ষে থাকা মুম্বইয়ের পয়েন্ট ২০ ম্যাচে ৪৪। দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান এসজি। ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট তাদের। বাগানের লড়াই কঠিন হল।

টানা আট ম্যাচ অপরাজিত থাকার পরে নবম ম্যাচে হারতে হয়েছে মোহনবাগানকে। আটটি ম্যাচেই বাগানের ডাগ আউটে বসেছিলেন হাবাস। চেন্নাইয়িন ম্যাচে তিনি ছিলেন না। হাবাসের শরীর এতটাই দুর্বল যে তিনি হোটেল ছেড়ে বার হতে পারেননি।
দলের সহকারী কোচ ম্যানুয়েল ক্যাসকালানাও মেনে নিলেন লিগ শিল্ড জয়ের রাস্তা কঠিন হয়েছে। তাঁর কথায়, " অবশ্যই শিল্ড জয়ের রাস্তা আমাদের আরও কঠিন হল। আর তিনটে ম্যাচ বাকি আছে আমাদের। এই তিন ম্যাচে আমরা ৯ পয়েন্ট পেলে চ্যাম্পিয়ন হতে পারি। এই ম্যাচের আগে পর্যন্ত আমাদের ১০ পয়েন্ট দরকার ছিল। এখন ৯ পয়েন্ট দরকার। তার মধ্যে ৩ পয়েন্ট মুম্বইয়ের বিরুদ্ধেও পেতে হবে। রাস্তাটা কঠিন, কিন্তু অসম্ভব নয়।"
৬ এপ্রিল মোহনবাগান এসজির পরের ম্যাচ পঞ্জাব এফসির বিরুদ্ধে।মঙ্গলবার থেকে এই ম্যাচের প্রস্তুতি শুরু হবে। কোচ গত দু'দিন ধরেই জ্বরে ভুগছেন, শরীরের তাপমাত্রা অনেক বেশি। তিনি এতটাই দুর্বল যে, রবিবার হোটেল থেকে দলের সঙ্গে মাঠেও আসতে পারেননি। তাঁকে হোটেলে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তার। হাবাস মঙ্গলবার মাঠে ফিরতে পারবেন।












Click it and Unblock the Notifications