বেঙ্গালুরু এফসিকে মায়ানগরীতে গোলের মালা পরাল মুম্বই সিটি এফসি
বেঙ্গালুরু এফসিকে মায়ানগরীতে গোলের মালা পরাল মুম্বই সিটি এফসি
খারাপ সময় কিছুতেই কাটছে না বেঙ্গালুরু এফসির। বাগিচা শহরের দলটিকে নিজেদের ঘরের মাঠে বৃহস্পতিবার ৪-০ গোলে পরাজিত করল মুম্বই সিটি এফসি। দুই অর্ধে দু'টি করে গোল হজম করে সন্দেশ ঝিংঘান - অ্যালান কোস্তাদের নিয়ে তৈরি বেঙ্গালুরু এফসি'র ডিফেন্স। বেঙ্গালুরু ডিফেন্সের থেকেও এই ম্যাচে শোচনীয় লেগেছে গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুকে। ভারতীয় দলের প্রথম একাদশের নিয়মিত গোলরক্ষক এই ম্যাচে একেবারেই নির্ভরতা দিতে পারেননি। গুরপ্রীত নিজের যোগ্যতা অনুযায়ী যদি খেলতে পারতেন তা হলে হারলেও এত বড় ব্যবধানে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হত না অতীতে আইএসএল চ্যাম্পিয়ন দলটিকে।

প্রথম থেকেই নিয়ন্ত্রণে মুম্বই সিটি এফসি:
ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ করে মুম্বই সিটি এফসি। মুম্বইয়ের আধিপত্য কতটা ছিল তা বোঝা যায় খেলার লেখাঝোকার উপর নজর রাখলে। ম্যাচের ১৪ মিনিটে জর্জে পেরেইরা ডিয়াজ গোল করে এগিয়ে দেন মুম্বই সিটি এফসি'কে। ৩২ মিনিটের মাথায় মুম্বইয়ের পক্ষে খেলার ফল ২-০ করেন আপুইয়া। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা মুম্বই সিটি এফসি দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় রাখে। জর্জে পেরেইরা ডিয়াজের পাস থেকে মুম্বইয়ের পক্ষে খেলার স্কোর ৩-০ করেন থংজাম বিপিং সিং। ৭৪ মিনিটে লালরিনজুয়ালা ছাংতে চতুর্থ গোলটি করেন মুম্বইয়ের হয়ে।

পরিসংখ্যানেও বেঙ্গালুরুকে টেক্কা দিয়েছে মুম্বই:
বল পজিশন দুই দলের কাছে ৫০-৫০ থাকলেও আক্রমণ তুলে আনার দক্ষতা এবং প্রতিপক্ষের গোল লক্ষ্য করে শট নেওয়ার বিষয়ে এ দিন অনেকটা এগিয়ে ছিল মুম্বই। মুম্বই ১২টি শটের মধ্যে মোট ৫টি শট এ দিন বেঙ্গালুরুর গোলে রেখেছিল যার থেকে গোল এসেছে চারটিতে। অন্য দিকে, বেঙ্গালুরু এফসি ৮টি শটের মধ্যে গোলে রেখেছিল ৩টি। ৪০৬টি পাস মুম্বই খেলেছে গোটা ম্যাচে যার মধ্যে নিখুঁত পাস খেলেছে ৩২০টি, অন্য দিকে বেঙ্গালুরু এফসি ৩৯৫টি পাসের মধ্যে সঠিক পাস খেলেছে ৩১১টি।

উদান্ত-জাভিদের ব্যর্থতায় গোলের গন্ধমাখা পাস পাননি রয় কৃষ্ণ-সুনীল ছেত্রী:
এই ম্যাচে সুনীল ছেত্রীকে প্রথম একাদশে রাখেননি বেঙ্গালুরু এফসির কোচ সিমন গ্রেসন। ৬৩ মিনিটে দানিশ ফারুক ভাটের পরিবর্তে মাঠে নামানো হয় সুনীলকে। তবে, ভারতের সেরা স্ট্রাইকারকে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি নামিয়েও কোনও লাভ হয়নি। এ দিন প্রথম থেকে খেলা রয় রৃষ্ণকেও অফ-কালার দেখিয়েছে। জাভি হার্নান্ডেজ, উদান্ত সিং-দের ব্যর্থতায় তিনি গোল করার মতো বলই পাননি।

পয়েন্ট টেবিলের অবস্থান:
এই ম্যাচে জয়ের ফলে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল মুম্বই সিটি এফসি। অপর দিকে, ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু এফসি রইল দশ নম্বরে। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে হায়দরাবাদ এফসি।












Click it and Unblock the Notifications