ব্রাজিলে কোপা আমেরিকা পয়া নেইমারদের, ভারতে কীভাবে টুর্নামেন্ট দেখবেন জানুন
কলম্বিয়া ও আর্জেন্তিনা নয়, কোপা আমেরিকার কিক-অফ হচ্ছে ব্রাজিলে। সাম্বার দেশে কোপা আমেরিকা বরাবরই পয়া ব্রাজিলের কাছে। ফলে এই পরিসংখ্যান নিঃসন্দেহে আত্মবিশ্বাসী রাখবে গতবারের চ্যাম্পিয়নদের।

কোপা আমেরিকা
কনমেবল কোপা আমেরিকা। কেউ বলেন কনমেবল আমেরিকা কাপ। ১৯১৬ সাল থেকে শুরু হয় দক্ষিণ আমেরিকা ফুটবল চ্যাম্পিয়নশিপ বা সাউথ আমেরিকান ফুটবল চ্যাম্পিয়নশিপ। ১৯৭৫ সাল থেকে এর নাম বদলে হয় কোপা আমেরিকা। ফলে এখনও চলতে থাকা টুর্নামেন্টগুলির মধ্যে এটিই প্রাচীনতম এবং বিশ্বে ফুটবল দর্শকের নিরিখে এর স্থান তৃতীয়। এই টুর্নামেন্টই ঠিক করে দেয় দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন দেশকে। নব্বইয়ের দশক থেকে কোপা আমেরিকায় অংশ নেয় আমন্ত্রিত হিসেবে অংশ নেয় উত্তর আমেরিকা ও এশিয়ার দল। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব ও ২০২৩ এশিয়ান কাপে যোগ্যতা অর্জন পর্বের খেলা একই সময়ে পড়ে যাওয়ায় এবারের কোপা আমেরিকায় খেলতে পারছে না অস্ট্রেলিয়া ও কাতার। এই টুর্নামেন্টের ৪৭তম সংস্করণের খেলা হওয়ার কথা ছিল গত বছরের ১২ জুলাই থেকে। করোনা পরিস্থিতিতে তা হয়নি। তাই এশিয়ার দুই দেশকে ছাড়াও কনমেবল-এর দশ দলকে নিয়ে ব্রাজিলে হবে কোপা আমেরিকা।

পয়া ব্রাজিল
কোপা আমেরিকায় গতবারের চ্যাম্পিয়ন আয়োজক ব্রাজিল। ২০১৯ সালে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল পেরুকে ৩-১ গোলে হারিয়ে। ব্রাজিলের হয়ে গোল করেছিলেন এভার্টন, গ্যাব্রিয়েল জেসুস ও রিচার্লিসন। কোপা আমেরিকা অভিযানে নামার আগে একটি পরিসংখ্যান নিশ্চিতভাবেই নেইমারদের আত্মবিশ্বাসী রাখবে। ১৯৭৫ সালের পর ব্রাজিলে কোপা আমেরিকা হয়েছে দুইবার। দুইবারই জিতেছে ব্রাজিল। ১৯১৬ সাল থেকে দক্ষিণ আমেরিকা ফুটবল চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা সম্মিলতভাবে ধরলে ব্রাজিলে পাঁচবার এই টুর্নামেন্ট হয়েছে। পাঁচবারই ব্রাজিল চ্যাম্পিয়ন। ১৯৯৭ সালে বলিভিয়া, ১৯৯৯ সালে প্যারাগুয়ে, ২০০৪ সালে পেরু ও ২০০৭ সালে ভেনেজুয়েলার মাটিতেও কোপা আমেরিকা জিতেছে ব্রাজিল। সবমিলিয়ে সেলেকাওরা কোপা জিতেছে নয়বার।

উরুগুয়ের পর আর্জেন্তিনা
এই টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ে, ১৫ বার। তার পরেই রয়েছে আর্জেন্তিনা, ১৪ বার। যদিও ১৯৯৩ সালের পর আর আর্জেন্তিনা আর কোপা আমেরিকা জেতার স্বাদ পায়নি। ২০১১ সালে শেষবার কোপা আমেরিকা জেতে উরুগুয়ে। ২০০৪, ২০০৭, ২০১১, ২০১৫ ও ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে উঠলেও খেতাব অধরাই থেকেছে আর্জেন্তিনার। ২০১৫ ও ২০১৬ সালের ফাইনালে দুবারই চিলির কাছে টাইব্রেকারে হেরেছে আর্জেন্তিনা। ২০০১ সালের পর থেকে ধরলে সবচেয়ে বেশি তিনবার কোপা জিতেছে ব্রাজিল, দু-বার চিলি।

ভারতে যে চ্যানেলে ইউরো ও কোপা
ভারতে কোপা আমেরিকা ও ইউরো কাপ সম্প্রচারের দায়িত্বে রয়েছে সোনি পিকচার্স স্পোর্টস নেটওয়ার্ক। ইউরো কাপের খেলাগুলি সরাসরি সম্প্রচার হচ্ছে সোনি টেন ২ এসডি ও এইচডিতে। হিন্দিতে ধারাভাষ্য-সহ সম্প্রচার হচ্ছে সোনি টেন ৩ এসডি ও এইচডি চ্যানেলে। অনলাইনে দেখা যাচ্ছে সোনি লিভ ও জিও টিভিতে। মালয়ালম ও বাংলা ধারাভাষ্য-সহ সম্প্রচার হচ্ছে সোনি সিক্স এসডি ও এইচডি চ্যানেলে। তামিল ও তেলুগুতে সম্প্রচার হচ্ছে সোনি টেন ৪ এসডি ও এইচডি চ্যানেলে।
সোনি টেন ২ এসডি ও এইচডি চ্যানেলে সরাসরি সম্প্রচার হবে। অনলাইনে দেখা যাবে সোনি লিভ ও জিও টিভিতে। মালয়ালম ও বাংলায় ধারাভাষ্য-সহ কোপা আমেরিকা সম্প্রচার হবে সোনি সিক্স এসডি ও এইচডি-তে। তামিল ও তেলুগু ভাষায় সরাসরি সম্প্রচার হবে সোনি টেন ৪ এসডি ও এইচডি-তে।












Click it and Unblock the Notifications