কলকাতা লিগে দল নামাচ্ছে মোহনবাগান। তবে সিনিয়র টিম নয়, রিলায়েন্স লিগে খেলা যুব দলই এবার লিগ এবং ডুরান্ড কাপে খেলবে। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করে দিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।
বাগান সচিব জানিয়েছেন, 'আগামী কলকাতা লিগ এবং ডুরান্ড কাপে আমাদের যুব দল অংশ নেবে। কিছু সিনিয়র ফুটবলারও খেলবে। ৪০ জন ফুটবলারের রেজিস্ট্রেশন হয়। এরফলে ভালো সাপ্লাই লাইন তৈরি হবে। লিগে এবং ডুরান্ডে খেলার ফলে যুব ফুটবলাররাও উৎসাহিত হবে। তারকা তৈরি করতে হয়, আকাশ থেকে পড়ে না'
ছবি- মোহনবাগান ফেসবুক পেজ
মঙ্গলবার ছিল মোহনবাগানের কার্যকরী সমিতির বৈঠক। এই বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৪ জুলাই, পেলে-মারাদোনা-গ্যারি সোবার্স গেট উদ্বোধন করবেন ২০২৩ বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেস। আর্জেন্টাইন তারকার অনুষ্ঠানের সম্পূর্ণ রূপরেখা তৈরি করার জন্য সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে মোহনবাগান ক্লাব। ৪জুলাই বিশ্বকাপজয়ী গোলরক্ষকের হাত দিয়ে ১০ জনের হাতে সদস্যপদ তুলে দেওয়া হবে।
৪ জুলাই মোহনবাগান মাঠে পুলিশ কমিশনার একাদশ বনাম মোহনবাগান একাদশের প্রদর্শনী ম্যাচ হবে। এই ম্যাচে মোহনবাগান দলের কোচের দায়িত্ব পালন করবেন মানস ভট্টাচার্য এবং সত্যজিত চট্টোপাধ্যায়। নৈশালোকে এই ম্যাচ হবে। কলকাতায় আসার পর মার্টিনেসের প্রথম কর্মসূচি মোহনবাগান মাঠেই হবে।
ছবি- মোহনবাগান ফেসবুক পেজ
আগামী জুলাই মাসের ৪ তারিখে কলকাতায় পা রাখবেন মেসির সতীর্থ। তিন দিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে মার্তিনেসের তার মধ্যে অন্যতম মোহনবাগান মাঠে এই ম্যাচ।কিছুদিন আগে মার্তিনেসের তরফে সবুজ সংকেত মেলে। এখনও পর্যন্ত যা চূড়ান্ত হয়েছে তাতে ৪ থেকে ৬ জুলাই হবে মার্তিনেসের কলকাতা সফর। মোহনবাগান মাঠে একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেওয়ার পাশাপাশি আরও কিছু কর্মসূচি রয়েছে তাঁর।
ছবি- মোহনবাগান ফেসবুক পেজ
আগামী ২০ জুলাই অঞ্জন মিত্রের নামে মিডিয়া সেন্টারের উদ্বোদন হবে। প্রয়াত সচিবের জন্মদিন উপলক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে মোহনবাগান ক্লাব। আইএসএল চ্যাম্পিয়ন হওয়া এবং এটিকে তুলে দেওয়ার জন্য সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠাচ্ছে বাগানের কার্যকরী সমিতি। পড়শি ক্লাবকে খোঁচা দিতেও ছাড়লেন না বাগান সচিব।