Super Cup 2024: পিছিয়ে থেকেও দুরন্ত জয়, বড় ম্যাচের আগে দিমিত্রিদের প্রাপ্তি তিন পয়েন্ট সঙ্গে বাড়তি আত্মবিশ্বাস
এভাবেও ফিরে আসা যায়। সুপার কাপের দ্বিতীয় দুরন্ত জয় পেল মোহনবাগান এসজি। হায়দরাবাদকে ২-১ গোলে হারিয়ে জয়ের ধারা বজায় রাখল সবুজ মেরুন। ৮৭ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও জয় নিয়েই মাঠ ছাড়লেন দিমিত্রিরা।
শুরুতেই গোল খেলে পিছিয়ে পড়ল মোহনবাগান। ৭ মিনিটের মাথায় মোহনবাগানের ডিফেন্ডার ও গোলকিপারের মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে গোল করেন ছুঙ্গা। ডিফেন্ডারের ব্যাকপাস থেকে বল ধরতে পারেননি আর্শ। বল পেয়ে যান ছুঙ্গা। ফাঁকা জালে বল জড়িয়ে দিতে ভুল করেননি পাহাড়ী এই ফুটবলার। এরপর প্রথমার্ধে গোল পেলেও গোল শোধ করতে পারেনি সবুজ মেরুন। ফলে ০-১ গোলে পিছিয়ে থেকেই সাজঘরে ফিরতে হয় বুমোস-কামিংসদের।

দ্বিতীয়ার্ধে সময় পেরিয়ে যাচ্ছিল। কিন্তু গোল আসছিল না।৫০ মিনিটের মাথায় কামিন্সের ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হন সুহেল। দিমিত্রির দুরন্ত ফ্রিকিকও আটকে দেন হায়দরাবাদ গোলরক্ষক। একের পর এক সুযোগ এলেও তা কাজে লাগাতে পারছিল না কামিংস-বুমোসরা। ফলে গ্যালারিতে থাকা সবুজ মেরুন ভক্তদের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছিল। অতিরিক্ত রক্ষণাত্বক হতে গিয়েই তিন পয়েন্চ হারানোর আশঙ্কা ক্রমেই চেপে বসছিল।
তবে তিন শেষ তিন মিনিটেই নিশ্চিত হল তিন পয়েন্ট। ৮৮ মিনিটের মাথায় জেরেমির আত্মঘাতী গোলে ম্যাচে সমতায় ফেরে সবুজ মেরুন।। ৯০ মনিটের মাথায় বক্সের মধ্যে বুমোসকে ফাউল করলে পেনাল্টি পেয়ে যায় মোহনবাগান এসজি। পেনােল্টি কিক থেকে গোল করতে ভুল করেননি দিমিত্রি।
১৯ জানুয়ারি মেগা ডার্বি। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি ম্যাচে নামার আগে মোহনবাগান এসজির রক্ষণের পরীক্ষাও হয়ে গেল। শেষ পর্যন্ত নিজামের শহরের দল হার মানল কলকাতার ক্লাবের কাছে। বড় ম্যাচের আগে তিন পয়েন্ট নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে মাঠ ছাড়ল ক্লিফোর্ড মিরান্ডার দল। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপের শীর্ষে সবুজ মেরুন।
মোহনবাগানের খেলা দেখে সবুজ-মেরুন সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। রক্ষণ, মাঝমাঠ বা আক্রমণ-- কোনও ক্ষেত্রেই ভাল ফুটবল খেলতে পারেননি বুমোসরা। ম্যাচ শেষে মোহনবাগান এসজির ভারপ্রাপ্ত কোচ বলেন, 'আমরা ভালো খেলেছি। একটা ভুল বোঝাবুঝিতে আমরা ম্যাচের শুরুতে গোল হজম করি। এটা হতে পারে। কিন্তু একটা সময়ের পর গিয়ে আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলি'
আইএসএলে হারের হ্যাটট্রিকে বছর শেষ করেছিল সবুজ মেরুন। সেখান থেকে গত ম্যাচে জয়ে ফেরায় আত্মবিশ্বাস বাড়িয়েছিল। এবার টানা দ্বিতীয ম্যাচে জয় পাওয়ায় সেই আত্মবিশ্বাস আরও বাড়ল।












Click it and Unblock the Notifications