Durand Cup 2024: ১৮বার কাপ জয়ের প্রতীক্ষা, জেনে নিন ডুরান্ড ফাইনালে মোহনবাগান এসজির ফলাফলের ইতিহাস
শনিবার নর্থ ইস্টের বিরুদ্ধে ডুরান্ড কাপের ফাইনাল খেলতে নামছে মোহনবাগান এসজি। মরশুমের প্রথম ট্রফির খোঁজে সবুজ মেরুন। পর পর দুই ম্যাচ টাইব্রেকারে জিতে ফাইনালে জায়গা করে নিয়েছে হোসে মলিনার দল। ঘরের মাঠে নর্থ ইস্টের বিরুদ্ধেই টানা দ্বিতীয়বার ডুরান্ড কাপ ঘরে তোলার লক্ষ্য নিয়েই যুবভারতীতে নামছে দিমিত্রি কামিংসরা।
ডুরান্ড কাপের ইতিহাসে এখনও পর্যন্ত ১৭ বার চ্যাম্পিয়ন হয়েথে মোহনবাগান এসজি, ১২ বার রানার্স হয়েছে সবুজ মেরুন। শনিবার জিততে পারলেই ১৮বার ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট গঙ্গাপারের ক্লাবে আসবে। ইতিহাসের আলোকে আরও একবার ফিরে দেখা যায় ডুরান্ড ফাইনালে মোহনবাগান এসজির ফলাফলগুলি।

১৯৬১ সালে ডুরান্ড কাপে রানার্স হয় মোহনবাগান।১৯৬৩, ১৯৬৪ এবং ১৯৬৫ পর পর তিনবার ডুরান্ড কাপ জেতে সবুজ মেরুন। ১৯৭০ এবং ১৯৭২ দুইবার ফাইনালে উঠলেও চির প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের কাছে হেরে ডুরান্ড কাপে রানার্স হয় সবুজ মেরুন। ১৯৭৪ সালে জেসিটিকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মোহনবাগান এসজি।
১৯৭৭ সালে ফের জেসিটিকে ২-১ গোলে হারিয়ে ডুরান্ড ঘরে আনে মোহনবাগান। ১৯৭৮ সালে ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে ০-৩ গোলে হারতে হয় সবুজ মেরুনকে। ১৯৮০ সালে মহমেডানকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। ১৯৮২ সালে যৌথ চ্যাম্পিয়ন হয় ইস্ট-মোহন। ১৯৮৩ সালে রানার্স হয় মোহনবাগান।
১৯৮৪, ১৯৮৫, ১৯৮৬ সালে ফের ডুরান্ড জয়ের হ্যাটট্রিক করে মোহনবাগান, এরমধ্যে দুইবার ফাইনালে হারায় ইস্টবেঙ্গলকে। ১৯৮৭ সালে রানার্স হয় মোহনবাগান। ১৯৮৯ সালের ফাইনায়লেও ইস্টবেঙ্গলের কাছে হারতে হয়। ১৯৯৪ সালে ইস্টবেঙ্গলকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন হয় মোহনবাগান।১৯৯৭ সালে ফের রানার্স হয় পাল তোলা নৌকার দল।
২০০০ সালে মাহিন্দ্রাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। ২০০৪ সালে ইস্টবেঙ্গলের কাছে এবং ২০০৯ সালে চার্চিলের কাছে হেরে খেতাব অধরাই থাকে বাগানের। ২০২৩ সালে ফের ডুরান্ড চ্যাম্পিয়ন হয় মোহনবাগান এসজি, ফাইনালে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে। শনিবার আরও একটা ফাইনাসলে, কাপ জয়ের প্রতীক্ষায় মেরিনার্স ব্রিগেড।












Click it and Unblock the Notifications