Mohun Bagan Super Giant: আশিককে নিয়ে উদ্বেগ বাড়ল, চলতি মরসুমে আদৌও ফিরবেন মাঠে?
মোহনবাগান সুপার জায়ান্টের আইএসএল অভিযান শুরু হতে ১০ দিনও বাকি নেই, তার আগে অবশ্য রয়েছে এএফসি কাপের ম্যাচ। কিন্তু মরসুমের শুরুতেই বড় দুঃসংবাদ সবুজ মেরুন শিবিরে। চোটের জন্য অনির্দিষ্টকালীন সময়ের জন্য অনিশ্চিত হয়ে পড়লেন আশিক কুরুনিয়ান। ফেরান্দোর দলের বাঁ প্রান্তের উইংয়ের অন্যতম ভরসা আশিকের চলতি মরসুম অনিশ্চয়তার অন্ধকার।
কিংস কাপ খেলতে গিয়ে চোট পেয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের আশিক । কিংস কাপ খেলতে গিয়ে লিগামেন্ট ছিঁড়ে যায় সবুজ মেরুনের এই তরুণ ফুটবলারের। মোহনবাগানের অভিযোগ, চোটের চার দিন পরেও জাতীয় দলের মেডিকেল টিম আশিক কুরুনিয়ান এর প্রাথমিক এমআরআই করেননি। প্রত্যাশা মতো জাতীয় দল থেকে অন্যান্য ফুটবলারদের সঙ্গে দেশে ফিরে এসে নিজ ক্লাবে যোগ দেয়।

প্রাথমিক ভাবে জানা যায় যে, আশিক কুরুনিয়ানের ৪০ শতাংশ এসিএল হয়েছে।সবুজ মেরুন শিবিরের পক্ষ থেকে যা খবর তাতে দুই থেকে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে আশিককে। ফলে আইএসএলের প্রথম পর্বে সম্ভবত মাঠে নামা হচ্ছে না ভারতীয় দলের এই তারকা ফুটবলারের। এমনকি এএফসি কাপের গ্রুপ পর্বের বেশির ভাগ ম্যাচেও কেরালাইট ফুটবলারের সার্ভিস পাওয়া যাবে না।
আগামী ১৯সেপ্টেম্বর এএফসি কাপের গুরুত্বপূর্ন ম্যাচে ওড়িশা এফসির মুখোমুখি হবে মোহনবাগান। এছাড়াও ২৩ সেপ্টেম্বর থেকে আইএসএল অভিযানে নামছে সবুজ মেরুন। প্রথম ম্যাচে বাগানের সামনে পঞ্জাব এফসি। এ বারের আইএসএলে অভিষেক হতে চলেছে পঞ্জাবের। অন্যদিকে মোহনবাগান গতবারের চ্যাম্পিয়ন দল। খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ সবুজ-মেরুনের। লড়াই এ বার আরও কঠিন।ফলে এবছর ব্যস্ত সূচি রয়েছে মোহনবাগানের।
মাঝমাঠে আশিককে রেখেই ছক কষেছিলেন জুয়ান ফেরান্দো। ডুরান্ড কাপে মূলত বাম প্রান্ত দিয়ে আক্রমণ তৈরির দায়িত্ব থাকত তাঁরই উপরে। কিন্তু মরসুমের শুরুতেই আশিকের মতো ফুটবলারের চোট স্প্যানিশ কোচের পরিকল্পনায় জল ঢেলে দিল। নতুন করে ভাবতে হবে বাগান থিঙ্ক ট্যাঙ্ককে।
বুধবার আইএসএলের মিডিয়া ডে উপলক্ষ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্ট কোচ জুয়ান ফেরান্দো। সেখানে আশিক প্রসঙ্গে বাগান কোচের সাবধানী মন্তব্য, 'এই মুহূর্তে আশিককে নিয়ে আমি বলার মতো অবস্থায় নেই। চিকিৎসকদের অধীনে আছেন আশিক। রিপোর্ট আসার পরই বোঝাযাবে তাঁর চোট কতটা গুরুতর বা কতদিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। এই মুহুর্তে আমার পক্ষে মম্তব্য করাটা সঠিক হবে না।'

এ দিকে ক্লাব বনাম দেশ লড়াই চলছেই। আশিক ইস্যুতে সেই পারদ আরও চড়বে। আগামী দিনে ফুটবলার ছাড়ার ক্ষেত্রে ক্লাবগুলি আরও অনমনীয় হতে পারে।












Click it and Unblock the Notifications