Mohun Bagan Super Giant: ডুরান্ড কাপে কোন দল খেলাবে সবুজ মেরুন? মোহনবাগান দিবসে আসছেন সুনীল ছেত্রী!
আগামী ১ অগাস্ট থেকে শুরু হতে পারে মোহনবাগান সিনিয়র দলের অনুশীলন। ডুরান্ড কাপে খেলবে মোহনবাগান সুপার জায়ান্টের রিজার্ভ দল ৷ এমনটাই ইঙ্গিত দিয়েছেন মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত৷ মূলত এএফসি কাপকে টার্গেট করেই এমন সিদ্ধান্ত নিতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷
আগামী ১২ অগাস্ট ডুরান্ডের ডার্বি। তার চারদিন পরই এএফসি কাপের ম্যাচ। সবুজ মেরুনের কাছে এবার মূল লক্ষ্য এএফসি। তাই ডার্বিতে সিনিয়র দল খেলানোর ঝুকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। এমনকি অন্য ম্যাচেও কলকাতা লিগের দলই খেলানো হতে পারে।

এদিকে,শুরু হয়ে গিয়েছে মোহনবাগান দিবসের প্রস্তুতি। এবার মোহনবাগান রত্ন পাবেন গৌতম সরকার। তবে চলতি বছর ২৯ জুলাই মহরম হওয়ায় দুটি ভাগে অনুষ্ঠান হবে। প্রথম দিন ২৯ জুলাই হবে প্রাক্তনদের প্রীতি ম্যাচ এবং বাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী প্রকাশ।
ময়দানের বাবলুর আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে থাকতে পারে বড় চমক। শ্বশুরমশাই তথা প্রাক্তন ফুটবলার সুব্রতর জীবনীমূলক বইটি প্রকাশ অনুষ্ঠানে থাকতে পারেন জামাই সুনীল ছেত্রী। যিনি এই মুহূর্তে ভারতীয় ফুটবলের পোস্টার বয়। সূত্রের খবর, সমস্ত কিছু ঠিক থাকলে কলকাতায় ঝটিকা সফরে আসতে পারেন সুনীল ছেত্রী।

ঠাসা সূচির মধ্যেও ঝটিকা সফরে বেঙ্গালুরু থেকে কলকাতাতে আসতে পারেন বিশেষ বই প্রকাশ অনুষ্ঠানে। শেষ কলকাতায় এসেছিলেন এশিয়ান কাপের প্রস্তুতি শিবিরের জন্য গত বছরের সেপ্টেম্বর মাসে। সেক্ষেত্রে দীর্ঘদিন পর আবার মোহনবাগান মাঠে আসবেন সুনীল। এই ক্লাব থেকেই ভারতীয় ফুটবলে উত্থান হয়েছিল সুনীলের। কিন্তু কলকাতা নয় দীর্ঘদিন দিন ধরেই সুনীলের ঠিকানা বেঙ্গালুরু এফসি।
বৃহস্পতিবার অঞ্জন মিত্রের নামাঙ্কিত মিডিয়া সেন্টারের উদ্বোধন হবে। এই ্অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় আসছেন আইএম বিজয়ন।
অন্যদিকে, বুধবার সন্ধ্যায় ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে শ্রদ্ধায়, স্মরণে পালিত হলো ক্লাবের প্রাক্তন অধিনায়ক প্রয়াত চন্দন ব্যানার্জির স্মরণ সভা। এই শোকসভায় উপস্থিত ছিলেন প্রয়াত ফুটবলারের পরিবারের সদস্য, ক্লাবের কর্মকর্তা এবং প্রাক্তন ফুটবলাররা।












Click it and Unblock the Notifications