Mohun Bagan Super Giant: তরুণ স্ট্রাইকারকে পেতে আগ্রহী একাধিক দল, ছাড়বে মোহনবাগান?
আসন্ন মরসুমে যথেষ্টই শক্তিশালী হচ্ছে মোহনবাগানের আক্রমণভাগ। দিমিত্রর সঙ্গে যোগ হয়েছেন বিশ্বকাপার জেসন কামিন্স এবং ইউরো কাপার সাদিকু। এই পরিস্থিতিতে দেশীয় স্ট্রাইকারদের প্রথম একাদশে সুযোগ পাওয়া কঠিন। মনবীর সিংয়ের আসন্ন মরসুমে দলে থাকা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন কিয়ান নাসিরিও।
তরুণ এই স্ট্রাইকার এমনিতেই খুব বেশি প্রথম একাদশে সুযোগ পাননি, পরিবর্ত হিসাবেই মাঠে নামেন। কিন্তু আগামী মরসুমে সেই সুযোগও কতটা পাবেন সেটা নিয়ে প্রশ্ন থাকছে। সুযোগ বুঝেই ডার্বির নায়ককে দলে নিতে ঝাঁপিয়েছে অন্য ফ্রাঞ্চাইজি গুলি।

কিয়ান নাসিরিকে পাওয়ার সবুজ মেরুনের কাছে প্রস্তাব পাঠিয়ে দিয়েছে কেরালা ব্লাস্টার্স। নাসিরিকে পাওয়ার লড়াইয়ে রয়েছে চেন্নাইয়িন এফসিও। আরও কয়েকটি ক্লাব জামশেদ-পুত্রকে পেতে ইচ্ছুক। যদিও জানা যাচ্ছে, মোহনবাগান টিম ম্যানেজমেন্টের কিয়ানকে বিক্রি করার এখনই কোনও ইচ্ছা নেই। বরং কিয়ান নাসিরির সঙ্গে আরও দুই বছরের চুক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে সবুজ মেরুন শিবিরের।
ভারতীয় ফুটবলে তরুণ স্ট্রাইকারদের মধ্যে যথেষ্টই নজর কেড়েছেন কিয়ান। ডার্বিতে হ্যাটট্রিক করাই নয়, যখনই দলে সুযোগ পেয়েছেন তখনই নিজের জাত চিনিয়েছেন জামশেদপুত্র। তাই প্রতিশ্রুতিমান ফুটবলারকে ধরে রাখতে মরিয়া বাগান টিম ম্যানেজেন্ট।

এদিকে কিয়ানকে নিয়ে যখন বাগানের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তখন অন্যছবি লাল হলুদে। মহেশ সিংকে ধরে রাখার বিষয়ে কোনও উদ্যেগই নিচ্ছে না ইমামি ইস্টবেঙ্গল। গতকাল ছিল ইমামি ইস্টবেঙ্গলের বোর্ড মিটিং। সেখানে মহেশ সিংয়ের চুক্তি বৃদ্ধি নিয়ে আলোচনা হল না। মোহনবাগান, মুম্বইয়ের মতো হেভিওয়েট দলগুলো ওঁত পেতে রয়েছে মহেশের জন্য। আরও একবছর ইস্টবেঙ্গলে থাকলেও, সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর দাবি তুলেছেন সমর্থকরা।

তিন মাস বাদে ইনভেস্টর কর্তাদের সঙ্গে ইস্টবেঙ্গলের বোর্ড মিটিং হল। এই বৈঠকে উপস্থিত ছিলেন না শীর্ষকর্তা দেবব্রত সরকার। দলের 'মোস্ট ভ্যালুয়েবল' ফুটবলারের সঙ্গে চুক্তি বৃদ্ধি নিয়ে আলোচনাই হল না!












Click it and Unblock the Notifications