Hector Yuste Joins MBSG: রোনাল্ডোর বিরুদ্ধে খেলা হেক্টর সবুজ মেরুনে, শক্তি বাড়াল মোহনবাগান সুপার জায়ান্ট
Hector Yuste Joins MBSG: বিশ্বকাপ ও ইউরো কাপ খেলা বিদেশিদের আগেই সই করিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবার আরও একটি বড় চমক দিল সবুজ মেরুন শিবির। রক্ষণভাগ মজবুত করতে নেওয়া হলো স্পেনেরই এক ডিফেন্ডারকে।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে দুটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে হেক্টর ইউস্তের। ইউরোপা লিগে সিআর সেভেনের দলের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স প্রশংসিত হয়েছিল। লা লিগার পরিচিত মুখ এবার ভারতীয় ফুটবলে, কলকাতার অন্যতম প্রধান ক্লাবে।

কোচ হুয়ান ফেরান্দো উচ্ছ্বসিত হন হেক্টরের খেলা দেখে। গত মরশুমে সাইপ্রাসের নামকরা ক্লাব ওমোনিয়ার হয়ে খেলেছেন হেক্টর। কেরিয়ারের অনেকটা সময় কাটিয়েছেন লা লিগার বিভিন্ন ক্লাবে। স্পেনের কার্ডিজ, মায়োরকা ও গ্রানাডা এফসি-তে খেলেছেন। লা লিগায় প্রথম ও দ্বিতীয় ডিভিশন মিলিয়ে প্রায় ২২৫টিরও বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে।
কার্ল ম্যাকহিউয়ের জায়গাতেই হেক্টরকে দলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। সেন্ট্রাল ডিফেন্স ও ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলায় পারদর্শী। পাসিং ফুটবল ভালো খেলতে পারেন। উঠে গিয়ে গোল করার ক্ষেত্রে দলকে সাহায্য করতেও পারেন। ৬ ফুটের বেশি উচ্চতা থাকায় হেড করে বল জালে জড়ানোর ক্ষেত্রেও কার্যকরী। স্বাভাবিকভাবেই তাঁর যোগদান শক্তিবৃদ্ধি করল বাগানের।

ইউস্তে এমবিএসজি মিডিয়াকে বলেছেন, মোহনবাগান ভারতের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব। গতবার ভারতের চ্যাম্পিয়ন ক্লাব। আমি খোঁজ নিয়ে দেখেছি এই ক্লাবের জনপ্রিয়তা ও সদস্য-সমর্থকদের আবেগ দেশের মধ্যে সেরা। স্পেনের অনেক ফুটবলার ও কোচ এখন ভারতে খেলে সুনাম অর্জন করেছেন। সাফল্যও পাচ্ছেন। সবুজ মেরুন জার্সি পরে ভারতের সেরা দলের হয়ে নেমে খেলব, এটা ভেবে রোমাঞ্চিত।
নিজের সেরাটা উজাড় করে দিয়ে ফেরান্দোর দলকে সাফল্য এনে দিতে দৃঢ়প্রতিজ্ঞ ইউস্তে। দলের হেড কোচ ফেরান্দো বলেন, হেক্টর একজন অভিজ্ঞ ফুটবলার। স্পেনের প্রথম ডিভিশন ও আন্তর্জাতিক মঞ্চে খেলা সফল ফুটবলার। ওঁর খেলা আমি দেখেছি। হেক্টরের অভিজ্ঞতা ও সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা মোহনবাগান সুপার জায়ান্টকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।












Click it and Unblock the Notifications