Mohun Bagan Super Giant: বিশ্বকাপার জেসন কামিন্সের আগমনের দিনেই মোহনবাগানের চমকের নাম পোগবা
জেসন কামিন্সের জন্য অপেক্ষা করছিলেন সমর্থকরা। কিন্তু হঠাত করেই বিমান বন্দরের ভিতর থেকে বেরিয়ে এলেন ফ্লোরেন্টিন পোগবা। বিশ্বখ্যাত ফরাসি ফুটবলার পল পোগবার দাদা। গত মরসুমে বেশ চমক দিয়েই তাঁকে সই করিয়েছিল মোহনবাগান। গত মরসুমে তাঁকে সই করানো হলেও চোটের জন্য বেশি ম্যাচ খেলতে পারেননি। অস্ত্রোপচার হয় তাঁর।
কামিন্সের সঙ্গে সঙ্গে একই দিনে ফুটবলের মক্কায় পা রাখলেন ফ্লোরেন্টিন পোগবা। এবার দলবদলে তাঁর নামগন্ধও ছিল না মোহনবাগান সুপার জায়ান্টে। কিন্তু সবাইকে চমক দিয়েই ফের পোগবাকে কলকাতায় নিয়ে এল সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট।

আবার কী মোহনবাগান জার্সিতে খেলতে দেখা যাবে পল পোগবার দাদাকে? সেই বিষয়টি এখনও নিশ্চিত নয়। সূত্রের খবর, আপাতত দলের সঙ্গে অনুশীলন করবেন। তাঁর ফিটনেস এবং খেলায় ফেরান্দো-হাবাস সন্তুষ্ট হলে সই করানো হবে।
প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার গভীর রাতে কলকাতায় পা রাখলেন জেসন কামিন্স। অজি বিশ্বকাপারকে স্বাগত জানানোর জন্য গভীর রাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সবুজ-মেরুন সমর্থকরা। তাঁদের উত্সাহ-উদ্দীপনা-স্লোগান শুনে কামিন্স বুঝে গেলেন মাঠে নামলে এই সমর্থকদের শব্দব্রহ্মই তাঁকে উদ্দীপ্ত করবে। সবুজ-মেরুনের সঙ্গে তিন বছরের চুক্তি কামিন্সের।
শনিবার সকালে কলকাতায় আসেন হেড কোচ জুয়ান ফেরান্দো এবং তারকা ফুটবলার হুগো বুমোস। প্যারিস থেকে দোহা হয়ে কলকাতায় এলেন হুগো।
শনিবার থেকে শুরু হবে মোহনবাগান সুপার জায়ান্টের প্রাক মরসুমের প্রস্তুতি। এমনটাই জানান হয়েছে সবুজ মেরুনের পক্ষ থেকে। ২২ জুলাই, ২৩ জুলাই এবং ২৪ জুলাই এই তিনদিন গোপন অনুশীলন করবে সবুজ-মেরুণ ব্রিগেড। এই তিনদিন ফুটবলারদের স্বাস্থ্য পরীক্ষা, জিম এবং বিভিন্ন ধরনের ফিটনেস পরীক্ষা করা হবে বলে জানান মোহনবাগানের পক্ষ থেকে।
মঙ্গলবার থেকে বল পায়ে অনুশীলন শুরু হওয়ার কথা হুগো বুমোস, কামিন্সদের। অগাস্ট মাসের প্রথম সপ্তাহেই আসতে পারেন টিডি হাবাস। আপাতত এএফসি কাপই লক্ষ্য সবুজ মেরুনের।












Click it and Unblock the Notifications