Mohun Bagan Super Giant: বাড়ছে নতুনদের সংখ্যা, আরও এক তারকা বিদেশিকে ছাড়তে পারে মোহনবাগান
আসন্ন মরসুমে তারকাখচিত দল গড়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ভারতীয় দলের একাধিক ফুটবলারকে সই করিয়েছে সবুজ মেরুন। এদের মধ্যে রয়েছেন অনিরুদ্ধ থাপা, আনোয়ার আলি, সাহাল সামাদের মত তারকা ফুটবলাররা। বিদেশি বাছাইয়ের ক্ষেত্রেও চমক দিয়েছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। তারা যেমন দলে নিয়েছেন বিশ্বকাপ খেলা অস্ট্রেলিও ফরোয়ার্ড জেসন কামিন্সকে। তেমনই ইউরো কাপার সাদিকুকে সই করিয়েছে সবুজ মেরুন থিঙ্ক ট্যাঙ্ক।
কিন্তু নতুন ফুটবলারদের আগমন হলে পুরনোদের কিছুজনকে তো জায়গা ছেড়ে দিতেই হবে। ইতিমধ্যে মোহনবাগান ছেড়েছেন আইএসএল জয়ী অধিনায়ক প্রীতম কোটাল। গ্যালিগো, তিরির মতো বিদেশিরাও অন্য দলে নাম লিখিয়েছেন। এবার আরও এক তারকা বিদেশিকে ছাড়তে পারে সবুজ মেরুন। এমনই খবর উঠে আসছে গঙ্গা পাড়ের ক্লাব সূত্রে।

গত দু'বছর ধরে মোহনবাগান মাঝ মাঠে স্তম্ভ ছিলেন হুগো বুমোস। মুম্বই থেকে রেকর্ড পরিমান অর্থে ফরাসি এই তারকাকে সই করিয়েছিল মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। কিন্তু আসন্ন মরসুমে তার জায়গা দলে খুব একটা নিশ্চিত নয়। ইতিমধ্যেই অনিরুদ্ধ থাপা এসেছেন। বুমোসের জায়গায় সেরা ভারতীয় ফুটবলারকে ফেরান্দো খেলাবেন এটা একপ্রকার নিশ্চিত। তাহলে কি ছেড়ে দেওয়া হবে বাগানের তারকা বিদেশিকে?
ইতিমধ্যেই বুমোসকে পেতে আগ্রহী আইএসএলের একাধিক দল। এর মধ্যে এক নম্বরে রয়েছে ওডিশা এফসি। এই দলে হেড কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন সার্জিও লোবেরা। তিনি তাঁর পুরনো শিষ্যকে ফিরে পেতে চাইছেন। এর আগে এফসি গোয়া এবং মুম্ব ই সিটি এফসি লোবেরা এবং বুমোস জুটি ফুল ফুটিয়েছিল। এবারও ফরাসি মিডিওকে পেতে আগ্রহী তিনি।

কিন্তু ফরাসি তারকার সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি রয়েছে মোহনবাগানের। ওডিশা বা অন্য কোন দল বুমোসকে পেতে হলে মোহনবাগানকে দিতে হবে মোটা অঙ্কের ট্রান্সফার ফ্রি। হুগোকে নিয়ে আরও একটু ভাবনাচিন্তা করে সিদ্ধান্ত নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে কলকাতা লিগে ফুটবলারদের জন্য আর্থিক পুরষ্কার চালু করছে মোহনবাগান। লিগের ম্যাচে সেরা ফুটবলারকে আইএফএ পুরস্কার মূল্য দিচ্ছে ২ হাজার টাকা। এই পুরস্কার মূল্য এত কম টাকার হওয়ায় ময়দানে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তাই আগামী দিনে নিজেদের প্রতি খেলায় ম্যান অফ দ্য ম্যাচকে ১০ হাজার টাকা দেওয়ার ভাবনা চিন্তা শুরু করেছেন মোহনবাগান কর্তারা।

ক্লাব সচিব বলেছেন, ক্লাবের তরফে আমরা দশ হাজার টাকা দেওয়ার ভাবনা করছি। তাতে যদি আমাদের দলের ফুটবলার না হয়ে প্রতিপক্ষ দলের কোনও ফুটবলার ম্যান অফ দ্য ম্যাচ হয়, তাহলে সেই ফুটবলার দশ হাজার টাকা পাবে। তবে আবার বলছি, বিষয়টা কিন্তু চূড়ান্ত হয়নি। আলোচনা চলছে। কর্ম সমিতির সদস্যদের সঙ্গে কথা বলেই সব ঠিক হবে।"












Click it and Unblock the Notifications