Mohun Bagan Super Giant: সূচি ঘোষণা এএফসি কাপের, ম্যাচের দিন নিয়ে মোহনবাগানের আপত্তি
এএফসি কাপের প্রাথমিক রাউন্ডের সূচি ঘোষণা হল। এএফসি কাপের দক্ষিণাঞ্চল পর্বে যে ক্লাবগুলি খেলবে, তাদের মধ্যে অন্যতম মোহনবাগান সুপার জায়ান্ট। আসন্ন এএফসি কাপের প্রাথমিক পর্বে মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম ম্যাচ ১৫ অগাস্ট। এশীয় ফুটবলের নিয়ামক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি যে সূচী প্রকাশ করেছে, তাতে এমনই জানানো হয়েছে।
এএফসি কাপে দক্ষিণাঞ্চলের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ শুরু হবে ৮ অগাস্ট। প্রথম ম্যাচে খেলবে মাচিন্দা ও পারো এফসি। যারা জিতবে, তাঁদের বিরুদ্ধেই ১৫ অগাস্ট নামতে হবে মোহনবাগানকে। ওই দিন ভারতের স্বাধীনতা দিবস হওয়ায় ম্যাচটি পিছোনোর আবেদন করেছে মোহনবাগান। অন্য কোনও দিন খেলতে চাইছে তারা। এখনও এএফসি-র তরফে সম্মতি মেলেনি।
বাংলাদেশের আবাহনী ঢাকা মুখোমুখি হবে মলদ্বীপের ক্লাব ঈগলসের বিরুদ্ধে। মোহনবাগান যদি প্রথম ম্যাচে জেতে, তা হলে এই দু'টি ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে তারা। তবে ম্যাচগুলি কোথায়, কখন হবে, তা এখনও জানানো হয়নি। পর পর দু'টি ম্যাচ জিততে পারলে গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে মোহনবাগান।


গত বছর সেপ্টেম্বরে এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে কুয়ালালামপুর এফসি-র কাছে ১-৩-এ হেরেছিল এটিকে মোহনবাগান। ৯০ মিনিট পর্যন্ত এক গোলে পিছিয়ে থাকার পর ফারদিন আলি মোল্লার গোলে সমতা আনে তারা। কিন্তু স্টপেজ টাইমে পরপর দু'গোল খেয়ে ম্যাচ হেরে যায়।













Click it and Unblock the Notifications