Mohun Bagan Super Giant: এএফসির ব্যর্থতা খেকে শিক্ষা! কোন মন্ত্রে জয়ে ফিরল দল? রহস্য ফাঁস করলেন শুভাশিসরা
এএফসি কাপের ব্যর্থতা ভুলে আইএসএলের মঞ্চে জয়ের সরণিতে ফিরেছে মোহনবাগান এসজি। শনিবার কলিঙ্গ স্টেডিয়ামে লিগের লাস্ট বয় হায়দরাবাদ এফসিকে ২-০ গোলে হারিয়ে আইএসএলে জয়ের ধারা বজায় রাখতে সক্ষম হল সবুজ মেরুন। সেইসঙ্গে টানা ৫ ম্যাচ জিতে নতুন নজিরও সৃষ্টি করল জুয়ান ফেরান্দোর দল।
মরসুমের শুরুতেই ডুরান্ড কাপ জয়, এরপর আইএসএল-এএফসি কাপের জয় দিয়েই শুরু করেছিল গঙ্গাপারের ক্লাব। কিন্তু এএফসি কাপের প্রথমে অ্যাওয়ে ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে পরাজয় তারপর ঘরের মাঠে ওডিশার কাছে ৫ গোল হজম করে অন্ধকার নেমে আগে বাগান শিবিরে। এএফসি কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় সবুজ মেরুন।

হায়দরাবাদ ম্যাচ জয়ের পর সবুজ মেরুন অধিনায়ক শুভাশিস বলেন, 'এই ম্যাচটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ শেষ দুটো ম্যাচে আমরা হেরে গিয়েছিলাম। তাই এই ম্যাচের শুরুতেও তার প্রভাব পড়েছিল। কিন্তু সময় যত এগোয় ততই দল খেলায় ফেরে। আমি খুশি আইএসএলের জয়ের ধারাটা বজায় রাখতে পেরে। আশা করছি ওডিশা ম্যাচেও আমরা জয় ধরে রাখতে পারব।'
ম্যাচের গোলদাতা আশিস রাই বলেন, 'শেষ দুই ম্যাচে হারের ফলে আমরা অনেক পরিস্থিতির মধ্যে দিয়েই যাচ্ছিলাম। আমাদের নিজেদের অনেক কিছুর মুখোমুখি হতে হয়েছিল। এএফসি কাপ থেকে ছিটকে যাওয়াটা আমাদের এই ম্যাচে আরও ভালও খেলতে অনুপ্রেরণা জোগায়। এই ম্যাচে জয় আমাদের আত্মবিশ্বাস জোগাবে। দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে।'
হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে দুইটি গোলই করেন দুই ডিফেন্ডার। আশিস রাইয়ের মতো ব্রেন্ডন হ্যামিলও খুশি গোল করেত পেরে। আপাতত শিবিরে গুমোট ভাবটা উধাও হল এই জয়ের মাধ্যমে।
অন্যদিকে শিলিগুড়ির পর দুর্গাপুরেও মোহনবাগানের নামে রাস্তার উদ্বোধন হল। রবিবার দুর্গাপুর মহাবিদ্যালয় থেক আউকিউ সিটি হসপিটাল পর্যন্ত রাস্তার নামকরণ হল মোহনবাগানের নামে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার ব্যারেটো, বাগান সচিব দেবাশিস দত্ত, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপর মজুমদার,স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও মেয়র অনিন্দ্য মুখোপাধ্যায়।












Click it and Unblock the Notifications