Mohun Bagan Super Giant: ফেরান্দোতেই আস্থা, মোহনবাগানের নজরে স্প্যানিশ স্ট্রাইকার আলবার্তো কুইলেস
জেসন কামিন্সকে চূড়ান্ত করার পর এবার লা লিগার তারকা স্ট্রাইকারকে দলে নিতে ঝাঁপাল মোহনবাগান সুপার জায়ান্ট। দিপর্তিভো লা করুনার হয়ে খেলা আলবার্তো কুইলেসকে প্রস্তাব পাঠালো সবুজ মেরুন। চলতি মরসুমে স্প্যানিশ এই স্ট্রাইকারের সঙ্গে চুক্তি শেষ হয়েছে তাঁর দলের। ফলে ফ্রি এজেন্ট হিসাবে কুইলেসকে দলে পারে আইএসএল চ্যাম্পিয়নরা।
সদ্য সমাপ্ত মরসুমে কুইলেস দুরন্ত ফর্মে ছিলেন। ১৬ গোলের পাশাপাশি ৫ গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। এমন অবস্থাতেই কুইলেসের কাছে প্রস্তাব এসেছে আইএসএল-এর জায়ান্টদের তরফে। মোহনবাগানের তরফে বিরাট আর্থিক চুক্তির প্রলোভন দেখানো হলেও স্প্যানিশ ক্লাবটিও কুইলেসের সঙ্গে চুক্তি করতে চাইছে।

দীর্ঘ দেড় দশকের ফুটবল কেরিয়ারে আলবেনিয়া, স্পেন, বলিভিয়া, সুইজারল্যান্ড মিলিয়ে ১৪টি ক্লাবের হয়ে খেলেছেন স্প্যানিশ তারকা। আলবেনিয়ান লিগের তারবিনা কেরিকের হয়ে সিনিয়র পর্যায়ে হাতেখড়ি।শুধু বাগানই নয়, আলবেনিয়ান তারকাকে পেতে ঝাঁপাল কেরালা ব্লাস্টার্স, এফসি গোয়ার মত ভারতীয় দলও। এরআগে মুম্বই সিটিকে টেক্কা দিয়ে জেসন কামিন্সকে দলে নিয়েছে সবুজ মেরুন।

১৫ জুলাই থেকে অনুশীলনে নামছে মোহনবাগানের সিনিয়র দল। আগেই জানানো হয়েছিল চ্যাম্পিয়ন কোচ ফেরান্দোই দলের দায়িত্বে থাকবেন। মঙ্গলবার সবুজ মেরুনের পক্ষ থেকে সরকারিভাবে ফেরান্দোর সঙ্গে চুক্তি নবীকরনের বিষয়টি জানানো হল।
দিমিত্রি পেত্রাতোস, ব্রেন্ডন হ্যামিলরা এখন ছুটি কাটাচ্ছেন। নতুন মরসুমে এএফসি কাপ দিয়েই অভিযান শুরু করবে ফেরান্দোর দল। সূচি এখনও ঘোষণা হয়নি। হেড কোচ জুয়ান ফেরান্দো বা অন্য বিদেশিরা জুলাইয়ের শুরুতে কলকাতায় আসতে পারেন।

কলকাতা প্রিমিয়র লিগের খেলা শুরু আগামী ২৫ জুন থেকে ৷ জুন মাসে লিগে শুরু হলেও জুলাইয়ের প্রথম সপ্তাহেই খেলা শুরু হতে পারে তিন প্রধানের। ডুরান্ড কাপেও যুব দল খেলাবে সবুজ মেরুন।












Click it and Unblock the Notifications