Mohun Bagan Super Giant: ডার্বিতে মন ভরাতে পারেননি, কামিংসদের এএফসিতে খেলানো নিয়ে কী বললেন জুয়ান ফেরান্দো?
ডার্বির ব্যর্থতা অতীত, মোহনবাগান সুপার জায়ান্টের মিশন এএফসি। স্বাধীনতা দিবসের পরের দিনই এএফসি কাপের প্রথম পরীক্ষা সবুজ মেরুন শিবিরের কাছে। বুধবার যোগ্যতা নির্ণায়ক পর্বের প্রথম ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ নেপালের মাচিন্দ্রা এফসি। আন্তজার্তিক টুর্নামেন্টে ভালো ফল করার লক্ষ্যে সোনায় মোড়া একটা দল জুয়ান ফেরান্দোর হাতে তুলে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
দলে এক ঝাঁক তারকা। বিশ্বকাপার থেকে ইউরো কাপার সব অস্ত্রই প্রয়োগ করলেও ডার্বির বৈতরনী পার করাতে পারেননি পাল তোলা নৌকাকে। ফেরান্দো জানেন শুরুতেই এএসফসিতে অঘটন ঘটলে চাপের প্রেসার কুকারে ঢুকে যাবেন। কিন্তু কামিংস থেকে সাদিকুর উপর আস্থা রাখছেন। তবে তারকা নয় সেরা একাদশ বাছতে তিনি যে তরুণ ফুটবলারদের নামানোর ঝুঁকি নেবেন তাও জানিয়ে রাখলেন ফেরান্দো।

সোমবার এএফসির প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসে বার বার স্প্যানিশ কোচ বলেন, 'এখনই বলা যাবে না দুই বিদেশি কেমন। সবে গত সপ্তাহে দলে যোগ দিয়েছে ওরা। কামিংস ২০ মিনিট খেলেছে। সাদিকু আর একটু বেশি। এখন ক্লান্তি থেকে ফিরিয়ে আনাই আমাদের কাছে চ্যালেঞ্জ। আমি জানি সমর্থকেরা কামিংস এবং সাদিকুর ভাল খেলা দেখতে মুখিয়ে রয়েছে। সবাইকে বলব, অপেক্ষা করুন। মরসুমের শুরুতেই সবার কাছ থেকে সেরা পারফরম্যান্স আশা করা যায় না।'
আইএসএল জিতে ভারত সেরা হওয়ার স্বপ্ন পূর্ণ হয়েছে, এবার এশীয় ফুটবলে নিজেদের ছাপ রাখতে চাইছে মেরিনার্সরা। গতবার এএফসি কাপের নক আউটের শুরুতেই বিদায় নিতে হয়েছিল। এবার কিন্তু চাকা ঘোরাতে মরিয়া বাগান শিবির। কিন্তু এএসফসি কাপের ম্যাচে ঘুরে ফিরে আসছে সেই ডার্বি প্রসঙ্গ।

মরসুমের শুরুতেই ডার্বি হার কিছুটা ব্যাক ফুটে ঠেলে দিয়েছে সবুজ মেরুনকে। এএফসির মেগা ম্যাচের আগে বড় ম্যাচে কিছুটা হলেও চাপে ফেলেছে মোহনবাগানকে। কোচ জুয়ান ফেরান্দর কাছে বড় চ্যালেঞ্জ ডার্বি হ্যং ওভার থেকে দলকে টেনে বার করা। বোঝাতে চাইলেন ডার্বি অতীত। কিন্তু এড়াতে পারলেন না প্রসঙ্গ।
ফেরান্দো বলেন, 'আমরা অতীত নিয়ে ভাবতে চাই না। আমাদের এগিয়ে যেতে হবে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ডার্বি ম্যাচ ভুলে যেতে চাই। এএফসি কাপই এখন লক্ষ্য আমাদের। আমরা অবশ্যই কিছু ভুল করেছি। আর সেই কারণেই আমরা আরও পরিশ্রম করছি। আমরা আমাদের সমস্যার সমাধানের চেষ্টা করছি। আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল ভুল গুলি শুধরে পরবর্তী ম্যাচে নামা।"

ডার্বি ভুলে সমর্থকদের মাঠে আসার আহ্বান জানালেন ফুটবলার আলোয়ার আলি। তাঁর কথায়, 'বড় ম্যাচের ফল হতাশা জনক। তবে সমর্থকদের বলব মাঠে আসুন এই ম্যাচে। আমাদের সমর্থন করুন।'
নেপালের দলটি খাতায় কলমে পিছিয়ে আছে। কিন্তু মাচিন্দ্রা দলে আছে চার বিদেশি ও ১০ জন জাতীয় দলের ফুটবলার। তাই কলকাতায় বাগানের ডেরায় এসেও চ্যালেঞ্জ টা নিচ্ছেন নেপাল দলটি।












Click it and Unblock the Notifications