Mohun Bagan Super Giant: প্রতীক্ষার অবসান, বিশ্বকাপারের আগমনী বার্তা মোহনবাগানের
কয়েক মাসের জল্পনার অবসান। বৃষ্টিভেজা বুধবারেই দলবদলের বাজারে সব থেকে বড় চমকটা দিয়ে দিল মোহনবাগান। জগন্নাথ দেবের পূর্ণ যাত্রার দিনে বড় ঘোষণাটা সেরে ফেলল মোহনবাগান সুপার জায়ান্ট। ইউরো কাপারের পর এবার বিশ্বকাপার।
আর কোনও জল্পনা কল্পনা নয়। সরকারিভাবে জেসন কামিন্সের নাম ঘোষণা করে দিল মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। বুধবার দুপুরে সোশ্যাস সাইটে অজি বিশ্বকাপারের আগামনের বার্তা দেওয়া হল। অস্ট্রেলিয়ার হয়ে ২০২২ সালের কাতার বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন কামিন্স। এবার সবুজ মেরুন জার্সি পড়েই খেলতে দেখা যাবে অজি গোল মেশিনকে।

মুম্বই সিটি এফসিকে টেক্কা দিয়ে জেসন কামিন্সকে ঘরে তুলল মোহনবাগান। অজি বিশ্বকাপারকে এবার দলবদলের শুরু থেকেই টার্গেট করেছিল সবুজ মেরুন। লড়াইয়ে ছিল মুম্বই সিটি এফসিও।কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করল বাগানই।তিন বছরের চুক্তিতেই কলকাতার ক্লাবে সই করেছেন অজি তারকা।
তবে চুক্তির অঙ্ক প্রকাশ্যে আসেনি। সূত্রের খবর ১২ কোটি টাকা দিয়ে কামিন্সকে ঘরে তুলেছে মোহনবাগান এসজি। এরমধ্যে রয়েছে অবশ্য ট্রান্সফার ফিও। রেকর্ড পরিমাণ অর্থেই বিশ্বকাপারকে দলে নিল সবুজ মেরুন ব্রিগেড। অস্ট্রেলিয়ান দল সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে খেলতেন ।
Jason Cummings is here. 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/azBPIPq2W2
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) June 28, 2023
কয়েকসপ্তাহ আগেই অস্ট্রেলিয়ার লিগের শেষ ম্যাচে হ্যাটট্রিক করে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে চ্যাম্পিয়ন করেছেন । এ লিগের এই ক্লাবের জার্সিতে গত মরসুমে ৪৯ ম্যাচে করেছেন ৩০ গোল কামিন্সের নামের পাশে। অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে তিন ম্যাচে এক গোল করেছেন কামিন্স। স্কটিশ কাপে পরপর তিনটি তিনটি মরসুমে ২০টিরও বেশি গোল করে টানা তিনবার সর্বোচ্চ গোলদাতা হওয়ার বিরল রেকর্ড রয়েছে কামিন্সের।
পরিসংখ্যান এখানেই শেষ নয়, পেশাদার ফুটবলে অজি ফরোয়ার্ডের ১৫০টির বেশি গোল রয়েছে। কামিন্স মোহনবাগানে আসায় আক্রমণভাগের শক্তি বেড়ে গেল কয়েকগুণ। পেত্রাতোসের সঙ্গে কামিন্স ও আর্মান্দো সাদিকুর ত্রিফলা নিয়ে আসন্ন এএফসি কাপে নামবেন কোচ জুয়ান ফেরান্দো।

আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই ফরোয়ার্ড লাইনকে শক্তিশালী করতে একজন ভালো বক্স স্ট্রাইকারের খোঁজ করতে শুরু করে দিয়েছিল বাগান টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিন্সের সঙ্গে কথাবার্তা যে চালাচ্ছে মোহনবাগান তা প্রকাশ্যে আসে আগেই। অবশেষে পড়ল সরকারি সিলমোহর।
কামিন্স জন্মসূত্রে স্কটিশ। কিন্তু তার মা অস্ট্রেলিয়ান হওয়ায় কামিন্সের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার জাতীয় দলের স্কয়ারে ডাক পান ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার।অস্ট্রেলিয়ার জার্সিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচেও খেলেন। একটি গোলও করেন। বিশ্বকাপে তার অভিষেক হয় ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচে। ওই ম্যাচে ৫৬ মিনিটে পরিবর্ত হিসেবে মাঠে নেবেন কামিন্স।

মোহনবাগানে সই করে কামিন্স বলেন, 'আমি এই দলের কোচ জুয়ান ফেরান্দো এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলি, তখন বুঝতে পারি শুধু আইএসএল চ্যাম্পিয়নশিপ নয়, মোহনবাগানের লক্ষ্য এএফসি কাপের মতো প্রতিযোগিতায় ভাল ফল করে এশিয়ায় মঞ্চে নিজেদের প্রতিষ্ঠা করা। ক্লাব ম্যানেজমেন্টের এই ভাবনা ও দর্শনের সঙ্গে আমার মানিসকতার মিল রয়েছে। জেতার উদগ্র মানসিকতা নিয়ে সব টুর্নামেন্টে নামুক আমার ক্লাব, এটাই আমি চাই । চ্যাম্পিয়ন হয়ে ক্লাবকে আরও ট্রফি দেওয়াই আমার লক্ষ্য।'












Click it and Unblock the Notifications