CFL 2024: লক্ষ্য এবার কলকাতা লিগ, নতুন কোচের অধীনে সবার আগে প্রস্তুতি শুরু করছে মোহনবাগান এসজি
নতুন মরশুমের জন্য সবার আগে মাঠে নামতে চলেছে মোহনবাগান এসজি। গত বছর কলকাতা লিগে জুনিয়র দলকে মাঠে নামিয়েছিল সবুজ মেরুন শিবির। পাশাপাশি ডুরান্ড কাপের প্রথম একাদশে সংখ্যা বেশি ছিল জুনিয়র ফুটবলারদের। এবারও সেই ধারাই বজায় রাখতে চলেছে মোহনবাগান এসজি।
এবার মোহনবাগান এসজির জুনিয়র দলের কোচ বদল হয়েছে। গতবার বাস্তব রায় এই দায়িত্বে থাকলেও এবার সেই দায়িত্ব দেওয়া হয়েছে ডেগি কার্ডেজোর হাতে। তাঁর অধীনেই সোমবার থেকে যুবভারতীর অনুশীলন মাঠে ৩০ জন ফুটবলারকে নিয়ে মাঠে নেমে পরতে চলেছে মোহনবাগান এসজি দল।

বাস্তব রায় না থাকলেও ডেগির সঙ্গে সহকারী কোচ হিসেবে থাকবেন বিশ্বজিৎ ঘোষাল। গোলকিপার কোচ থাকছেন বড় দলের সফল গোলকিপার অভ্র মণ্ডল।
গত বছর রিজার্ভ দল যথেষ্ট ভালো পারফর্ম করেছে। এবারও সেই লক্ষ্য থাকছে। যাতে সিনিয়র দলের সাপ্লাই লাইন হিসেবে কাজ করতে পারে। তাই বয়সভিত্তিক যুব দলও শক্তিশালী করতে চাইছে মোহনবাগান এসজি দল।
সিনিয়র দলের থেকে দীপেন্দু বিশ্বাস, অভিষেক সূর্যবংশী, আমনদীপ সিং, সুহেল ভাট, অর্শ আনোয়াররা থাকছেন এবার কলকাতা লিগের দলে। এমনকী ফারদিন আলি মোল্লা, সুমিত রাঠি ও এনসন সিংদেরও রাখা হয়েছে যুব দলের তালিকায়।এর পাশাপাশি কিছু তরুণ ফুটবলারকে নিয়েছে সবুজ মেরুন কর্তারা। সেই তালিকায় রয়েছেন রাজা বর্মণ ও সায়ন দাসরা।
আরও কয়েকজন ফুটবলারকে ডাকা হয়েছে ট্রায়ালে। ফুটবলারদের বেছে নেওয়ার জন্য চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে মোহনবাগান এসজি দল। তারপর জন্য চূড়ান্ত দল বাছা হবে। এই দলটিকেই সর্বভারতীয় রিলায়েন্স যুব লিগে খেলানো হবে।
গত মরসুশুমে সুপার কাপের পাশাপাশি কলকাতা লিগ জেতাও অধরা থেকে গিয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের । ২৫ জুন থেকে শুরু হচ্ছে এবারের কলকাতা লিগ। এবার কলকাতা লিগকেও সমান গুরুত্ব দিচ্ছেন মোহনবাগান কর্তারা।
এদিকে শোনা যাচ্ছে সিনিয়ার দলের ক্ষেত্রেও নতুন কোচকেই নিয়োগ করা হবে।কোচ হিসাবে হাবাসকেই প্রথম পছন্দ ম্যানেজমেন্টের , কিন্তু শোনা যাচ্ছে হাবাস নিজে পূর্ণ সময়ের জন্য কোচ হতে আগ্রহী নন। বরং থাকতে চান পরামর্শদাতা হিসেবে। কোচিংয়ের দায়িত্ব দিতে চান সহকারী ম্যানুয়াল পেরেজকে। কিন্তু কর্তারা পেরেজের উপর আস্থা রাখতে রাজী নন।












Click it and Unblock the Notifications