Mohun Bagan Super Giant: বছরের শুরুতেই চাকরি গেল ফেরান্দোর, পাল তোলা নৌকার নতুন কাণ্ডারী কে?
মোহনবাগান এসজির কোচ বদল হল। সরে দাঁড়ালেন জুয়ান ফেরান্দো। তাঁর জায়গায় সবুজ-মেরুনের দায়িত্ব নিচ্ছেন আন্তোনিও লোপেজ হাবাস। আসন্ন সুপার কাপ থেকেই প্রধান কোচের দায়িত্ব সামলাবেন স্প্যানিশ কোচ। আইএসএল ও এবারের ডুরান্ড কাপ জয়ের জন্য জুয়ান ফেরান্দোকে ধন্যবাদ জানিয়ে তাঁকে বিদায় দিল টিম ম্যানেজমেন্ট।।

আইএসএলে হারের হ্যাটট্রিকের পরই সরে দাঁড়ালেন মোহনবাগান সুপার জায়ান্টের কোচ জুয়ান ফেরান্দো। তাঁর পরিবর্তে দলের টিডি হিসাবে থাকা আন্তোনিও লোপেজ হাবাসকে দায়িত্ব দিল সবুজ-মেরুন ব্রিগেড। এরআগে এটিকে দলের কোচ ছিলেন হাবাস।
এএফসি কাপ আর আইএসএল-এর গত কয়েক ম্যাচে ভালো খেলতে পারেনি ফেরান্দোর দল। আইএসএলে সদ্য টানা তিনটি ম্যাচ হেরেছে দলটি। যার জেরেই এই সিদ্ধান্ত মনে করা হচ্ছে। ফেরান্দোর অধীনে গত ২ বছরে মোট ৭৭টি ম্যাচ খেলে সবুজ-মেরুন, যার মধ্যে ৪২টি ম্যাচে জয়ী হয় তারা। ড্র হয় ১৫টি ম্যাচ।
চলতি মরসুমের শুরুতেই ডুরান্ড জিতেছিলেন। আইএসএল, এএফসি কাপের সূচনাটা ভালো হয়েছিল। এএফসি কাপে ওড়িশার কাছে যুবভারতীতে চুরমার হয়েছে স্বপ্ন। গত বছর মোহনবাগান এএফসি কাপের গ্রুপ পর্বের বাধা টপকে ইন্টার জোনাল সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। তবে এবার গ্রুপ পর্ব-ও পেরোতে পারেনি। ওড়িশা, বসুন্ধরা তো বটেই মাজিয়ার কাছেও হারতে হয়েছে।
এর আগে হাবাসের কোচিংয়ে দু'বার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, তবে সেই দলের নাম ছিল এটিকে। চলতি মরসুমের শুরুতেই হাবাস টিডি হওয়ার পরেই প্রশ্ন ওঠে ফেরান্দো দলের কোচ থাকা সত্ত্বেও কেন হাবাসকে আনা হচ্ছে? শেষ নতুন বছরের শুরুতেই সবুজ মেরুনের হট সিটে বসলেন স্প্যানিশ বস।
আগামী সপ্তাহ থেকে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপ শুরু হবে। সেই টুর্নামেন্ট থেকেই হাবাসের কাছে প্রথম পরীক্ষা। মোহনবাগান এসজি দলে চোট আঘাতের সমস্যা ছিল। আনোয়ার আলি, আশিক কুরিয়ান, সাহাল সহ প্রথম একাদশের একাধিক ফুটবলারের চোট সমস্যায় ফেলেছিল ফেরান্দোকে। এমনকী তার সঙ্গে শেষ দিকে কার্ডের সমস্যায় পড়ে দল। সেটাই সমস্যা হয়ে গিয়েছে দলের। যদিও কোচ বিকল্প তৈরি করতে পারেননি।
এএফসি কাপের পর থেকেই ফেরান্দোর উপর যে ম্যানেজমেন্টের আস্থা কমতে শুরু করেছিল তা এক প্রকার স্পষ্ট হয়ে যায়। বছরের শেষেই গো ব্যাক ফেরান্দো স্লোগান উঠে যুবভারতীতে। চাপের মুখে দাঁড়িয়ে রণে ভঙ্গ দিলেন ফেরান্দো। মোহনবাগান এসজি এ বারের আইএসএলে এখনও পর্যন্ত ১০টি ম্যাচে ৬টি জিতেছে। পেয়েছে ১৯ পয়েন্ট। গত বারের চ্যাম্পিয়ন দল রয়েছে পাঁচ নম্বরে।












Click it and Unblock the Notifications