ISL Final: বদলা নয়, ত্রিমুকুটের বৃত্ত পূরণ করার লক্ষ্য নিয়েই ফাইনালে নামছেন শুভাশিস-দিমিত্রিরা
চলতি মরশুমে ডুরান্ড কাপ, লিগ শিল্ড জিতেছে মোহনবাগান এসজি। শনিবার সন্ধ্যায় যুবভারতীতে ইতিহাসের হাতছানি সবুজ মেরুনের সামনে। এক মরশুমে তিনটি সর্বভারতীয় ট্রফি জয়ের সুযোগ শুভাশিস-দিমিত্রিদের সামনে। বৃত্ত পূরণ করার লক্ষ্য নিয়েই শনিবার সন্ধ্যায় যুবভারতীতে নামছে অ্যান্তোনিও লোপেজ হাবাসের দল। লক্ষ্য আইএসএল ট্রফি।
২০২১ সালে এই মুম্বই সিটি এফসির কাছে লিগ শিল্ড এবং ফাইনালে হেরে দুটি ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল সবুজ মেরুনের। এবার ইতিমধ্যেই লিগ শিল্ডের বদলা হয়ে গিয়েছে এবার লক্ষ্য মুম্বই সিটি এফসিকে আরও একবার হারিয়ে টানা দ্বিতীয়বার ট্রফি জয়। কিন্তু মু্ম্বইয়ের বিরুদ্ধে নামার আগে বদলা শব্দটিকে ড্রেসিংরুমে প্রবেশ করতে দিতে নারাজ হাবাস বরং ফাইনারল ম্যাচ হিসেবেই দেখেত চাইছেন তিনি।

ডুরান্ড, লিগ শিল্ডের পর এবার আইএসএল ট্রফিটাও জিততে পারলে মরশুমটা সোনায় মোড়া থাকবে মোহনবাগান এসজির জন্য।এই প্রসঙ্গে অধিনায়ক শুভাশিস বসু জানিয়েছেন, ' অধিনায়ক হিসেবে আমি গর্বিত। আমাদের সামনে আর একটা ম্যাচ বাকি রয়েছে। ঘরের মাঠে চ্যাম্পিয়ন হতে চাই। কঠিন পরিস্থিতিতেই সবসময় ঘুরে দাঁড়াই আমরা। ওড়িশা এফসি-র বিরুদ্ধেও তা প্রমাণ করেছি। পুরো মরশুম জুড়ে আমরা যে কঠোর পরিশ্রম করেছি, তার ফল আমরা পেয়েছি।'
সাদিকু নির্বাসনের জন্য এই ম্যাচ খেলতে পারবেন না। মনবীরের চোট নিয়ে ধোঁয়াশাও ম্যাচের আগের দিনই উড়িয়ে দিলেন দিলেন হাবাস। ফলে ওডিশা ম্যাচের দলই সম্ভবত অপরিবর্তিত রাখতে চলেছেন তিনি।
মুম্বই-মোহনবাগান এসজির আইএসএল ফাইনাল ভারতীয় ফুটবলে এল ক্লাসিকো হয়ে উঠেছে। দুটো টিম মোট ২৫বার মুখোমুখি হয়েছে। সবুজ-মেরুন ব্রিগেড জিতেছে ৭বার। মুম্বইয়ের ঝুলিতে ১১ জয়। ৭টা ম্যাচ ড্র। প্রতিপক্ষ দলকে লিগ শিল্ড ফাইনালের ম্যাচে হারালেও হাবাস কিন্তু বলছেন, ফাইনালে কেউ ফেভারিট হয় না। ফাইনাল সবসময় ৫০-৫০। প্রতিটা ম্যাচ আলাদা। আমাদের ধারাবাহিকতা দেখাতে হবে।'
মরশুমের মাঝপথে দায়িত্ব নিয়েই হাবাস বদলে দিয়েছেন মোহনবাগানের চালচিত্র। কোচ সম্পর্কে বাগানের অন্যতম ভরসা দিমিত্রি বলছেন, 'হাবাস আমাদের মধ্যে একটা বিশ্বাস জুগিয়েছেন। জেতার খিদে তৈরি করেছেন। স্বাধীনতা দিয়েছেন সবাইকে। যে কারণে মাঠে নামলে পুরো টিমই অন্য রকম খেলার চেষ্টা করছে। '
যুবভারতীর ৬২ হাজারের গ্যালারিও তৈরি থাকছে সবুজ মেরুনকে সমর্থনের ডালি উজার করে দিতে। ময়দান জুড়ে টিকিটের হাহাকার। মাঠে খেলবেন শুভাশিস-দিমিত্রিরা আর গ্যালারি থাকবে দ্বাদশ ব্যক্তির ভূমিকায়। মেরিনার্সদের প্রতীক্ষার প্রহর গোনা শুরু ত্রিমুকুটের।












Click it and Unblock the Notifications