Mohun Bagan SG: সহকারীদের সঙ্গে নিয়েই কলকাতায় আসছেন মলিনা, সবুজ মেরুনে একাধিক বাঙালি সাপোর্ট স্টাফ
আগামী ২৯ জুলাই থেকে অনুশীলন শুরু হবে মোহনবাগান এসজির সিনিয়র দলের। আগামী ২৮ জুলাই কলকাতায় আসছেন নতুন কোচ হোসে মলিনা সহ বিদেশি ফুটবলাররা। নিজের পছন্দ মতো সাপোর্ট স্টাফও বেছে নিলেন স্প্যানিশ। বিদেশিদের পাশাপাশি সেই তালিকায় জায়গা করে নিয়েছেন একাধিক বাঙালি মুখও।
মোহনবাগান এসজি কোচ মলিনা সহকারী হিসাবে বেছে নিয়েছেন সার্বিয়ান ইগর তাসেভেস্কিকে। স্পেনের বিখ্যাত ক্লাব ভিয়ারিয়ালের মতো বেশ কয়েকটি দলের কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। উয়েফা প্রো লাইসেন্সধারী ইগর নিজে নামী ডিফেন্ডার ছিলেন। গোলকিপার কোচ হিসেবে এবার সবুজ মেরুনের দায়িত্বে থাকবেন ফ্রান্সিসকো হোসে মার্টিনেজ নিওন। এই গোলকিপিং কোচের খেলোয়াড় ও কোচিং জীবনের বেশিরভাগটাই কেটেছে স্পেনেই

ফিটনেস কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে সের্জিও গার্সিয়া টোরিবাওকে। বিদেশি সহকারীর পাশাপাশি কোচিং টিম স্থান করে নিয়েছেন বাস্তব রায়।দলের চিকিৎসক হিসাবে থাকছেন নেলসন পিন্টো। বাগানের দুই ফিজিওই এবার বঙ্গ সন্তান। ফিজিও-র দায়িত্ব সামলাবেন অভিনন্দন চট্টোপাধ্যায় ও কৌশিক ভুঁইয়া দলের ম্যানেজার-অভিষেক ভট্টাচার্য।
ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল সিনিয়ার দল। প্রাক মরশুম প্রস্তুতি শুরু হয়ে গেছে কার্লেস কুয়াদ্রাতের দলের। ক্লেইটন সিলভা সহ কয়েকজন বিদেশি ফুটবলাররা চলে এসেছেন কলকাতায়। ডুরান্ড কাপের প্রথম দিকে মূলত কলকাতা লিগের দলকেই খেলাবে মোহনবাগান এসজি। ডার্বি থেকে সিনিয়ার ফুটবলারদের মাঠে নামাতে পারে সবুজ মেরুন। তাই প্রস্তুতি নিয়ে খুব একটা ভাবতে নারাজ গতবারের ডুরান্ড চ্যাম্পিয়নরা।
অন্যদিকে, মোহনবাগান এসজির প্রাক্তন কোচ হাবাস ভারতীয় ফুটবলের সঙ্গেই জড়িয়ে থাকলেন। স্প্যানিশ কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস আই লিগের দল ইন্টার কাশীর প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন । আই লিগ শুরু হতে এখনও কয়েক মাস বাকি। তবে আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিতে চাইছেন তিনি।
এদিকে অগাস্টের প্রথম সপ্তাহেই নিজেদের ঘরের মাঠে কলকাতা লিগের ম্যাচ খেলতে পারে মোহনবাগাম এসজি। মোহনবাগান এসজি বনাম ইস্টার্ন রেলওয়ের মধ্যে ৫ই আগস্ট-র ম্যাচটি মোহনবাগান মাঠেই অনুষ্ঠিত হতে পারে। লিগে খুব একটা ভালো জায়গায় নেই সবুজ মেরুন। একটি ম্যাচেই শুধুমাত্র জয় এসেছে।
গত বার উত্তরপ্রদেশের প্রথম পেশাদার ক্লাব হিসেবে আইলিগ খেলেছে ইন্টার কাশী। স্প্যানিশ কোচ জানিয়েছিলেন, নিজের কোচিং জীবনের শেষ পর্যায় ভারতেই কাটিয়ে দিতে চান তিনি। এমনকি, ভারতের জাতীয় ফুটবল দলের কোচের পদেও আবেদনপত্র জমা দিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications