সুপার কাপে নাও খেলতে পারে, সুর চড়াল বাগান, টুর্নামেন্ট নিয়ে খুশি নয় ইস্টবেঙ্গলও
সুপার কাপ নিয়ে ফের একবার নিজেদের সুর চড়ালো মোহনবাগান। বাগান অর্থসচিবের সরাসরি কথা যদি তাঁদের প্রস্তাব ঠিকভাবে মানা না হয় তাহলে সুপার কাপে নাও খেলতে পারে দল
সুপার কাপ নিয়ে ফের একবার নিজেদের সুর চড়ালো মোহনবাগান। বাগান অর্থসচিবের সরাসরি কথা যদি তাঁদের প্রস্তাব ঠিকভাবে মানা না হয় তাহলে সুপার কাপে নাও খেলতে পারে দল।

সুপার কাপে কজন বিদেশিকে খেলানো যাবে তা জানতে চেয়ে আগেই ফেডারশনকে চিঠি দিয়েছিল মোহনবাগান। মরশুম শেষে এসে তাদের হাতে টাকার পরিমাণ সীমিত হওয়ার কথাও তারা জানিয়েছিল। কিন্তু সুপার কাপের প্রাথমিক যে রূপরেখা পাওয়া গেছে তাতে অনেক কিছু ঠিক থাকলেও বিদেশির সংখ্যায় একটা অসুবিধা থাকছে। আইএসএল-এর দলগুলি ২৫ জনের দলে ৮ জন বিদেশিকে নথিভুক্ত করতে পারে। ১৮ জনের দলে রাখতে পারে ৬ জনকে। অন্যদিকে আই লিগের দলগুলি মোট ৬ জন বিদেশিকে নথিভুক্ত করতে পারে। ফলে ১৮ জনের স্কোয়াডের কোনো বিদেশি আহত হলে, তাঁকে সরিয়ে অন্য বিদেশিকে ঢোকানোর সুযোগ আইএসএল-এর দলগুলির থাকলেও, আই লিগের দলগুলির সেটা থাকছে না। এর ফলে টুর্নামেন্ট চলাকালীন কোনও বিদেশি নিয়ে সমস্যা হলে আইএসএলের দলগুলির কাছে যে সুযোগ থাকবে আই লিগের দলের কাছে ,সেভাবে বিদেশি পরিবর্তের অপশান থাকবে না।
এটাকে এআইএফএফের একচোখোমি হিসেবে দেখছে মোহনবাগান। দেবাশিস দত্ত বলেছেন, 'সুপার কাপে কতজন বিদেশি খেলানো হবে, তা নিয়ে ফেডারেশন এখনও কিছু জানায়নি। শেষমুহূর্তে বিদেশি নিয়ে যদি কোনও গোলমাল হয়, সেক্ষেত্রে আমরা দল তুলে নিতে বাধ্য হব।'
এছাড়াও সুপার কাপের গ্রুপ পর্ব হওয়ার পর নকআউট পর্ব শুরু হবে। শুধু মোহনবাগান নয় ইস্টবেঙ্গলও এতে খুব একটা খুশি নয় । এখনও অবধি লিগ টেবলের যা অবস্থা তাতে কলকাতার দুই প্রধান সরাসরি মূলপর্বে খেলার ছাড়পত্র পাচ্ছে এমনটা ধরে নেওয়া যায়। ফলে আই লিগের পর প্রায় মাসখানেক ফুটবলারদের আটকে রাখতে হবে। তারপর যদি তারা নিজেদের প্রথম ম্যাচেই হেরে যায় তাহলে সেখানেই অভিযান শেষ হয়ে যাবে। প্রাথমিকভাবে হোম-অ্যাওয়ে যে কাঠামোর কথা বলা হয়েছিল তাও মানা হচ্ছে না। সব মিলিয়ে বেশ অখুশি কলকাতা ময়দান।
এছাড়া ওড়িশার মাঠ নিয়েও খুব একটা খুশি নন ফুটবলার থেকে কর্মকর্তা কেউই। যদিও সুপার কাপের পুরস্কার বেশ লোভনীয়। চ্যাম্পিয়ন দল পাবে ২৫ লক্ষ টাকা ও রানার্স দল ১৫ লক্ষ টাকা পাওয়ার কথা।












Click it and Unblock the Notifications