ডাফির শেষ লগ্নের পেনাল্টিতে ৩-২ গোলে আইজল এফসিকে হারাল মোহনবাগান
এবারের আই লিগ তালিকায় তৃতীয় স্থানে থাকা আইজল এফসিকে ঘরের মাঠে খেলা হলেও হারানো খুব একটা সহজ ছিল না। তবে শেষপর্যন্ত ৩-২ গোলে ঘরের মাঠে জয় পেল মোহনবাগান।
কলকাতা, ৪ ফেব্রুয়ারি : যদি বলা যায় শুরুও করলেন ড্যারেল ডাফি আর শেষও করলেন তিনি, তাহলে খুব একটা ভুল বলা হবে না। এবারের আই লিগ তালিকায় তৃতীয় স্থানে থাকা আইজল এফসিকে ঘরের মাঠে খেলা হলেও হারানো খুব একটা সহজ ছিল না। তবে শেষপর্যন্ত ৩-২ গোলে ঘরের মাঠে জয় পেল মোহনবাগান।
এদিন ম্যাচের শুরুতেই মাত্র ২ মিনিটের মাথায় কাতসুমির অসাধারণ ক্রসে মাথা ছুঁয়ে গোল করতে কোনও ভুল করেননি বাগানের বিদেশি ড্যারেল ডাফি।

এরপরে অনেকগুলি সুযোগ পেয়েও গোল করতে পারেননি বাগান ফুটবলাররা। এর মাঝে প্রথমার্ধে ৪১ মিনিটের মাথায় আইজলের হয়ে জয়েশ রানে গোল করে ১-১ করেন।
এরপরে বাগানের হয়ে জেজে লালপেখলুয়া ম্যাচের ৬৩ মিনিটে গোল করে ২-১ করে সঞ্জয় সেন ব্রিগেডকে এগিয়ে দেন। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখা যায়নি। ৭০ মিনিটের মাথায় আইজলের হয়ে আশুতোষ মেহতা ফের গোল করে ২-২ করে দেন।
এরপর যত ম্যাচ গড়াচ্ছিল তত টেনশন বাড়ছিল বাগান শিবিরে। তবে ম্যাচের ৮৩ মিনিটের মাথায় মেহতা পেনাল্টি উপহার দেন বাগানকে। এরপরে ৮৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে ৩-২ করে বাগানকে এগিয়ে দেন ড্যারেল ডাফি। আর এরসঙ্গেই গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট ঘরে তুলল বাগান।
এদিনের জয়ের ফলে মোহনবাগান অবশ্য লিগ তালিকায় ২ নম্বরেই রইল। পয়েন্ট সমান হলেও গোলপার্থক্যে এগিয়ে থাকায় এক নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। দুটি দলই ৬টি করে ম্যাচ খেলে ১৬ পয়েন্ট ঘরে তুলেছে। ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আইজল এফসি।












Click it and Unblock the Notifications